সরকার স্বার্থ হাসিলের জন্য ফরমায়েশি ইতিহাস লিখছে: হাফিজ উদ্দিন
সরকার নিজেদের স্বার্থ হাসিল করার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে ফরমায়েশি ইতিহাস লিখছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নওগাঁর পত্নীতলায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, যুদ্ধের প্রথম দিকে কোনো নেতৃত্ব ছিল না। রাজনৈতিক ব্যক্তিরা যখন এগিয়ে আসেননি, তখন জিয়াউর রহমান প্রথমে নিজে, পরে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ করেছিলেন। পরবর্তী সময়ে একজন সেক্টর কমান্ডার হওয়া সত্ত্বেও সম্মুখযুদ্ধে অংশ নিয়ে অসম সাহসিকতার প্রমাণ রেখেছেন। কিন্তু এই সরকার সে ইতিহাস স্বীকার করে না।
স্বাধীনতাযুদ্ধের সময় যেভাবে মানুষ রুখে দাঁড়িয়েছিল, সেভাবে রাতের ভোটে নির্বাচিত এই সরকারকে রুখে দাঁড়ানোর জন্য বিএনপির কর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানান হাফিজ উদ্দিন।
পত্নীতলা উপজেলা বিএনপি ও নজিপুর পৌর যুবদলের আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে নজিপুর পৌরসভার সরদারপাড়া এলাকায় এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোকছেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদলের সহসাধারণ সম্পাদক ওবায়দুর রহমান।
আলোচনা সভা শেষে অসহায় ও দুস্থদের মধ্যে দুপুরে খাবার বিতরণ করা হয়।