সরকারই অন্যায্য, ন্যায্যমূল্যে খাওয়াবে কী করে: গয়েশ্বর
বর্তমান সরকারকে অন্যায্য সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এই সরকার জনগণকে ন্যায্যমূল্যের খাবার খাওয়াতে পারবে না বলে মনে করেন তিনি। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকার ধামরাই উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই নেতা।
ধামরাই উপজেলার শরীফবাগে শরীফুন নেছা মহিলা মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির সম্মেলন হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, বেনজীর আহমেদ ও সদস্য নিপুণ রায় চৌধুরী। সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান মো. সালাউদ্দিন। প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক।
সম্মেলনের মধ্যেই ধামরাই উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে সামছুল ইসলামের নাম ঘোষণা করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান মো. সালাউদ্দিন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তাঁরা। দ্রুততম সময়ের মধ্যে তাঁদের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা।
দেশে বর্তমানে একধরনের দুর্ভিক্ষ চলছে মন্তব্য করে গয়েশ্বর বলেন, টিসিবির লাইনে মানুষ দাঁড়িয়ে থাকে স্বল্প মূল্যে ন্যায্যমূল্যে পণ্য কিনতে। মাঝে মাঝে প্রশ্ন জাগে মনে, সরকারই তো অন্যায্য, সে আবার ন্যায্যমূল্যে খাওয়াবে কী করে। ন্যায্যমূল্যে পণ্য সবার জন্য উন্মুক্ত হতে হবে। ট্রাক নিয়ে সচিবালয়ের সামনে দাঁড়িয়ে থাকা, প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা, আর এটা টিভিতে প্রচারের মধ্যে দিয়ে দেশের কত ভাগ মানুষকে ন্যায্যমূল্যে খাওয়ানো গেছে। দশমিক পাঁচ ভাগও না।
মাথাপিছু আয়ের বিপরীতে দেশে মাথা পিছু ঋণের বোঝা বাড়ছে জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এ সদস্য বলেন, দেশের বাজারমূল্য বিবেচনা করলে দেখা যাবে, উচ্চ আয়ের দেশের চেয়ে দাম বেশি। তাহলে এটা কোন ধরনের মধ্যম আয়। আবার টিভি–পত্রিকায় দেখানো হয়, দুই হাজার ডলারের বেশি মাথাপিছু আয় বেড়েছে। কিন্তু একটা কথা বলা হয় না, জনগণের মাথাপিছু কত টাকা ঋণের বোঝা আছে। আয় ও বৈদেশিক মুদ্রার কথা হিসাব করা হলে চাল কেনার টাকা থাকার কথা নয়। পৃথিবীর সব দেশে তেলের দাম কম, বাংলাদেশে বাড়ছে। যে দেশে দুর্নীতি হয়, সে দেশে জিনিসের দাম বাড়বে না কেন? প্রশ্ন তোলেন গয়েশ্বর।