সরকারি আজিজুল হক কলেজে 'বর্ষামঙ্গল উৎসব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ মিলনায়তনে গতকাল শনিবার দিনব্যাপী ‘বর্ষামঙ্গল উৎসব’ হয়েছে। সরকারি আজিজুল হক কলেজ ও কলেজ থিয়েটার যৌথভাবে এ উৎসবের আয়োজন করে।

 ‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে...’। সমবেত কণ্ঠে এ গানের সঙ্গে কচুপাতায় ঝিরি ঝিরি বৃষ্টি ঢেলে সকালে এ উৎসবের উদ্বোধন করেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ সামস্-উল আলম। পরে শুরু হয় বর্ষার গান, বর্ষাকথন, বর্ষার গানের সঙ্গে দলীয় নৃত্য এবং কলেজ থিয়েটারের বাদলদিনের নাটক বিষ বৃক্ষের বীজ মঞ্চায়ন হয়।

বর্ষাকথনে অংশ নেন কলেজের উপাধ্যক্ষ ফজলুল হক, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ছাড়াও বাংলা বিভাগের শিক্ষক মীর ত্বাইফ মামুন, জোহরা ওয়াহিদা রহমান, সাংস্কৃতজন আতিকুর রহমান, কলেজ থিয়েটারের সভাপতি তন্ময় সূত্রধর ও সাধারণ সম্পাদক ওসমান গনি। বর্ষাকথন শেষে মঞ্চে বাদলদিনের গানের সুর-ছন্দের মূর্ছনা নিয়ে আসে সরকারি আজিজুল হক কলেজ সাংস্কৃতিক দল।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কলেজ থিয়েটার মঞ্চস্থ করে সাইফুল ইসলামের রচনা ও সুপিন চন্দ্র বর্মণের নির্দেশনায় নাটক বিষ বৃক্ষের বীজ।

এদিকে শুক্রবার শহরের শহীদ টিটু মিলনায়তনে তরুণ কবিদের কবিতা নিয়ে ‘কবিতার আধুনিকতা’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে বগুড়া লেখক চক্র। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কবি রেজাউল করিম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন নওগাঁর আত্রাই উপজেলার ইউএনও মোখলেছুর রহমান। অন্যদের মধ্যে কবি শিবলী মোকতাদির, করিম মোহাম্মদ, লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, মুহম্মদ শহীদুল্লাহ, কবি সিকতা কাজল, আনিছুর রহমান, কামরুন নাহার প্রমুখ কবিতা নিয়ে কথা বলেন।