সরকারি খাল উদ্ধারে বসন্তপুর বিলে হাজারো মানুষ

স্থানীয় কৃষকদের হিসাব অনুযায়ী, বসন্তপুর বিল এলাকার প্রায় চার হাজার বিঘা জমি এখন জলাবদ্ধতার শিকার। ২০১২ সালের আগ পর্যন্ত এখানে বছরে তিনটি করে ফসল হতো। বর্ষার পানি লালপুরের আটটিকার পোড়াসাঁকোর নিচের খাল দিয়ে পার হয়ে চলনবিলে চলে যেত। অপরিকল্পিতভাবে পুকুর কেটে পানি নিষ্কাশনের এই প্রাকৃতিক নালা বন্ধ করে দেওয়া হয়েছে।

সরকারি খাল উদ্ধার করে জলাবদ্ধতা নিরসন করতে গ্রামের হাজারও মানুষ মিলে অবৈধ পুকুর পাড় কাটছেন।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি খাল উদ্ধার করে জলাবদ্ধতা নিরসন করতে গ্রামের হাজারও মানুষ কোদালসহ অন্যান্য যন্ত্রাদি নিয়ে যাচ্ছেন। আজ সোমবার দুপুরে নাটোরের লালপুর উপজেলার গন্ডবিল এলাকায়।
ছবি: প্রথম আলো

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মুল বানীন বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপস্থিত থেকে এই কার্যক্রমের তদারকি করেন। বিকেলে ইউএনও প্রথম আলোকে বলেন, স্থানীয় জনগণ এই খাল উদ্ধারের কাজ করছে। এ ব্যাপারে তাঁদের পক্ষ থেকে একটা উদ্যোগ ছিল। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ শহীদুল ইসলাম বিষয়টির ওপর জোর দিয়েছিলেন। পুকুরের পাড় কাটার সময় তাঁকে ফোন করা হয়েছিল। তিনি বলেছেন, এ ব্যাপারে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে।

রাজশাহীর বাঘা উপজেলার চন্ডিপুর ও বড়ছয়ঘটি এবং লালপুর উপজেলার বসন্তপুর, রাধাকৃষ্ণপুর ও মীর্জাপুর মাঠ একসঙ্গে লাগোয়া। অবৈধভাবে পুকুর খননের কারণে এই মাঠ থেকে প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশনের নালা বন্ধ হয়ে যায়। এবার অতিবর্ষণের কারণে বাঘা উপজেলার চন্ডিপুর গ্রামের অংশবিশেষ ও বড় ছয়ঘটি গ্রাম, লালপুর উপজেলার বসন্তপুর, রাধাকৃষ্ণপুর ও মীর্জাপুর, অমরপুর, জোতগরিব, মনিহারপুর ও বেরিলাবাড়ি গ্রামের একাংশের বাড়িঘরে পানি ঢুকে পড়ে। তাঁদের এবার ঈদ হয়নি। গত ২৭ জুলাই সাংসদ শহীদুল ইসলাম এই এলাকা পরিদর্শনে এসে অবৈধ পুকুরের পাড় কেটে দিয়ে খাল উদ্ধারের ঘোষণা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় গতকাল রোববার খাল উদ্ধারের জন্য এলাকায় মাইকিং করে জনগণকে কোদাল নিয়ে প্রস্তুত থাকতে বলা হয়। আজ বাঘা ও লালপুরের প্রায় তিন হাজার মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। তাঁরা কোদাল নিয়ে বিলে নামেন।

সরকারি খাল উদ্ধার করার পরে বিলের মাঝখানের সাঁকোর মুখ উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। এতদিন এই সাঁকোর সামেন পুকুর খনন করে মাছ চাষ করা হচ্ছিল। আজ সোমবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার বসন্তপুর বিলের পাড়ঘাটা এলাকায়।
ছবি: প্রথম আলো

রাজশাহীর বাঘা উপজেলার চন্ডিপুর গ্রামের রেজাউল করিমের (৪৮) চন্ডিপুর বিলে ২০ বিঘা জমি রয়েছে। সেখানে প্রায় ৩০০ আমগাছ রয়েছে। বসন্তপুর বিলের সংযুক্ত খালের মুখ বন্ধ করে এক শ্রেণির প্রভাবশালী মহলের পুকুর খননের কারণে ১০ বছর ধরে জমি জলমগ্ন হয়ে থাকত। এ কারণে ঠিকমতো আবাদ হয়নি। আমগাছগুলোও মারা যাচ্ছে। আজ খাল উদ্ধারের কথা শুনে সকাল থেকেই তিনি বসন্তপুর বিলে গিয়ে বসে ছিলেন। রেজাউল করিম বলেন, এগুলো তাঁদের তিন ফসলি জমি। গত আট বছর কোনো রকমে একটি আবাদ হয়েছে। দুই বছর ধরে কোনো আবাদই করা যায়নি। জলাবদ্ধ থাকার কারণে আমগাছগুলোতে কোনো আম হয়নি।


বাঘার চন্ডিপুর গ্রামের এনামুল হক (৫৩) বলেন, তাঁর ১৩ বিঘা জমিতে ১০ বছর ধরে এই জলাবদ্ধতার কারণে ঠিকমতো ফসল হয়নি। তিনি ও তাঁর ছেলে আজ সকাল থেকে সেখানে রয়েছেন। আলমগীর হোসেনের (৫০) ১০০ আমগাছ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তিনিও মাঠে নেমেছেন। কথা হয় একই গ্রামের ফেলু, খয়বর আলীসহ আরও অনেকের সঙ্গে। সবাই সকাল থেকে বসন্তপুর বিলে গিয়ে অবস্থান নিয়েছেন।

সরকারি খাল উদ্ধার করে জলাবদ্ধতা নিরসন করতে গ্রামের হাজারও মানুষ কোদাল দিয়ে পুকুরের পাড় কেটে খালে পানি নামানোর ব্যবস্থা করছেন। আজ সোমবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার বসন্তপুর বিলে।
ছবি: প্রথম আলো

খাল পুনরুদ্ধার ও বিলের পানি নিষ্কাশনের জন্য লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হান্নানকে সভাপতি ও বাঘা মোজহার হোসেন মহিলা কলেজের শিক্ষক হীরেন্দ্রনাথ মণ্ডলকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আজ হীরেন্দ্রনাথ মণ্ডল সকাল থেকেই এই কাজে ব্যস্ত ছিলেন। বিকেল চারটার দিকে তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, বিলের তিন ফসলি চার-পাঁচ হাজার বিঘা জমি অনাবাদি হয়ে পড়েছিল। তাঁর নিজের ২০ বিঘা জমি এত দিন অনাবাদি হয়ে ছিল। অর্ধশত আমগাছ মারা যাচ্ছিল। অবশেষে সাংসদের আশ্বাসে ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাঁরা খাল উদ্ধার করছেন। এখনো সব পানি নামাতে হলে তাঁদের আরও ১০টি পুকুরের পাড় কেটে দিতে হবে। তাঁরা পাড় কাটার কাজ করে চলেছেন।

সারা দিনই পুকুরমালিকেরা বাধা দেওয়ার চেষ্টা করেছেন। সংঘবদ্ধ জনতার সামনে তাঁরা দাঁড়াতে পারেননি।
জিয়াউর রহমান, প্রধান সমন্বয়কারী, খাল উদ্ধার কমিটি

স্থানীয় আইনজীবী জিয়াউর রহমানকে খাল উদ্ধার কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছে। তিনি সকাল থেকেই বিলের ভেতরে ছিলেন। মুঠোফোনে বিকেল সোয়া পাঁচটার দিকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে বিলের ভেতর থেকে তিনি বলেন, তাঁরা মূল খাল উন্মুক্ত করে ফেলেছেন। এখন খালের সঙ্গে মাঠের সংযোগ পথে যে কয়টি পুকুরের পাড় বাধা হয়ে আছে, সেগুলো কেটে দিচ্ছেন। তিনি বলেন, সারা দিনই পুকুরমালিকেরা বাধা দেওয়ার চেষ্টা করেছেন। সংঘবদ্ধ জনতার সামনে তাঁরা দাঁড়াতে পারেননি। সন্ধ্যা নাগাদ অধিকাংশ পাড় কাটা শেষ হয়ে যাবে। বাকি থাকলে তা আগামীকাল মঙ্গলবার করতে পারবেন।

গত বছরের ৩১ ডিসেম্বর এই এলাকার জলাবদ্ধতা নিয়ে ‘অপরিকল্পিত পুকুর খনন, জলাবদ্ধতায় নষ্ট ফসলি জমি’ শিরোনামে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। স্থানীয় কৃষকদের হিসাব অনুযায়ী, এই এলাকার প্রায় চার হাজার বিঘা জমি এখন জলাবদ্ধতার শিকার। ২০১২ সালের আগ পর্যন্ত এখানে বছরে তিনটি করে ফসল হতো। বর্ষার পানি লালপুরের আটটিকার পোড়াসাঁকোর নিচের খাল দিয়ে পার হয়ে চলনবিলে চলে যেত। অপরিকল্পিতভাবে পুকুর কেটে পানি নিষ্কাশনের এই প্রাকৃতিক নালা বন্ধ করে দেওয়া হয়েছে।