সরকারি গাছ কেটে জরিমানা দিলেন ইউপি চেয়ারম্যানের ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি হালট থেকে চারটি তালগাছ কাটার উদ্যোগ নিয়েছিলেন ইউপি চেয়ারম্যান ও মো. আতিয়ার রহমান মোল্লা
ছবি: প্রথম আলো

ফরিদপুরে সরকারি হালট থেকে অন্তত ৫০ বছর বয়সী দুটি তালগাছ কেটে ফেলার দায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলেকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যায় জেলার বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে উপজেলার সদর ইউনিয়নের রামনগর মৌজার রামনগর মাঠের সরকারি হালট থেকে চারটি তালগাছ কাটার উদ্যোগ নেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আতিয়ার রহমান মোল্লা। দুটি গাছ কাটার পর পরই স্থানীয় লোকজন বিষয়টি প্রশাসনকে জানান।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে ইউপি চেয়ারম্যান গাছ কাটা বন্ধ করেন। প্রশাসনের তৎপরতা দেখে ঘটনার আট ঘণ্টা পর ইউপি চেয়ারম্যান কৌশলে তাঁর ছেলে হুমায়ুন কবিরকে দিয়ে সরকারি গাছ কাটার অপরাধ স্বীকার করান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক নিজ কার্যালয়ে আদালত বসিয়ে হুমায়ুন কবিরকে জরিমানা করেন।

মারিয়া হক বলেন, সরকারি গাছ কাটার অপরাধ স্বীকার করায় দণ্ডবিধি ১৮৬০–এর ৮৩ ধারায় ইউপি চেয়ারম্যানের ছেলে হুমায়ুন কবিরকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। কেটে ফেলা গাছগুলো জব্দ করা হয়েছে।