সরকারি গাছ বেচলেন ইউপি চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সরকারি একটি গাছ বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গাছটি গত বৃহস্পতিবার কেটে ফেলা হয়েছে।

স্থানীয় লোকজন বলেন, চুন্টা ইউপি কমপ্লেক্সের কাছে অর্ধশতবর্ষী একটি কড়ইগাছ ছিল। সেটা কেটে ফেলার জন্য মৌখিক অনুমতি চেয়েছিলেন শাহজাহান মিয়া। কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমতি না নিয়ে সরকারি জায়গার গাছ কাটা যাবে না বলে তাঁকে জানিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

গত বুধবার সকাল থেকে ওই গাছ কাটতে শুরু করেন ইউনিয়নের ঘাগড়াজোর গ্রামের শাহিদ মিয়া। তিনি চেয়ারম্যানের কাছ থেকে গাছটি ৩০ হাজার টাকায় কিনেছেন বলে জানান। শাহিদ মিয়া বলেন, তিনি গাছ কেটে ফেলেছেন। চেয়ারম্যান সরকারের রাজস্ব হিসাবে গাছ বাবদ টাকা জমা দিয়েছেন। ওই টাকা তিনি পরে চেয়ারম্যানকে দিয়ে দেবেন।

চুন্টা ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, গত বুধবার গাছ কাটতে দেখে তিনি বাধা দিয়েছেন। চেয়ারম্যান তখন তাঁকে বলেন, উপজেলা মাসিক সমন্বয় সভায় অনুমতি নেওয়া হয়েছে এবং তিনি শুধু ডালপালা কাটবেন। কিন্তু বৃহস্পতিবার তিনি (ভূমি কর্মকর্তা) গাছটি গোড়া থেকে কাটতে দেখেন। তিনি এ বিষয়ে দুটি প্রতিবেদন ইউএনওর কাছে পাঠিয়েছেন।

উপজেলা বন কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ওই গাছের মালিক উপজেলা ভূমি অফিস। ইউনিয়ন কর্তৃপক্ষ আবেদন করায় তিনি এর দাম নির্ধারণ করে দিয়েছেন। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি দিলে ইউএনও দরপত্রের ব্যবস্থা করবেন। দরপত্র ছাড়া গাছ কেউ কাটতে বা বিক্রি করতে পারেন না।

এ বিষয়ে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত শাহজাহান মিয়ার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা বলেন, সরকারি এ গাছ কাটতে বিভাগীয় কমিশনারের অনুমতি লাগবে। তাঁরা গাছ কাটার অনুমতি দেননি। আর অনুমতি ছাড়া ইউপি চেয়ারম্যান গাছ কাটতে পারেন না। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।