সরকারি গুদামে ধান দিচ্ছেন ব্যবসায়ী ও ফড়িয়ারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকদের কার্ড দিয়ে সাতক্ষীরার গুদামে ধান সরবরাহ করছেন ব্যবসায়ী ও ফড়িয়ারা। এতে লাভবান হচ্ছেন তাঁদের পাশাপাশি খাদ্যগুদামের কিছু কর্মকর্তা ও কর্মচারী। ব্যাহত হচ্ছে সরকারের আসল উদ্দেশ্য।
সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষকদের উপকরণ সহায়তা কার্ড দেওয়া হয়। কার্ডধারী কৃষকেরাই কেবল খাদ্যগুদামে ধানসহ কয়েকটি খাদ্যপণ্য সরবরাহ করতে পারেন। এ জন্য তাঁদের ব্যাংক হিসাব খুলতে হয়, যাতে সরবরাহকৃত পণ্যের টাকা জমা হবে। সরকারিভাবে এবার প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৩ টাকা। একজন কৃষক সর্বোচ্চ তিন মেট্রিক টন ধান সরবরাহ করতে পারবেন। জেলার সাতটি উপজেলায় নয়টি খাদ্যগুদামে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৪৬৯ মেট্রিক টন। এর মধ্যে সাতক্ষীরা সদর খাদ্যগুদামে নেওয়া হবে ৪ হাজার ১৯৬ মেট্রিক টন।
এলাকার সাধারণ কৃষকদের অভিযোগ, সংগ্রহ অভিযান শুরু হয়েছে দেরিতে। ফলে বেশির ভাগ কৃষকের ঘরে এখন ধান নেই। যাঁদের আছে, তাঁরাও হয়রানির কারণে খাদ্যগুদামে যেতে চান না। এ সুযোগে নানা ফন্দিফিকির করে কৃষকের কার্ড নিয়ে নিচ্ছেন ধান ব্যবসায়ী ও ফড়িয়ারা। তাঁরা খাদ্যগুদামের কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে সেই কার্ডের মাধ্যমে ধান সরবরাহ করছেন। আর সাধারণ কৃষকেরা যাতে গুদামের ধারেকাছে না ভেড়েন, তার সমস্ত আয়োজন করে রাখা হচ্ছে।
সাতক্ষীরা সদরের তজুলপুর কৃষক ক্লাবের সভাপতি ইয়ারব হোসেন বলেন, কৃষকেরা খাদ্যগুদামে ধান সরবরাহ করতে গিয়ে নানা হয়রানির শিকার হন। যেমন, সাতক্ষীরা খাদ্যগুদামে প্রতি বস্তা (৪০ কেজি) ধান সরবরাহের জন্য গুদাম কর্মকর্তা মো. আশরাফুজ্জামানকে দিতে হচ্ছে ৪০ টাকা। প্রতি বস্তায় ৪০ কেজির স্থলে দিতে হচ্ছে ৪২ কেজি। প্রতি তিন টনে আরও ৮০ কেজি বেশি নেওয়া হচ্ছে। এ ছাড়া বস্তাপ্রতি গুদামের দুজন অফিস সহকারীকে ১ টাকা, দারোয়ানকে ৬ টাকা ও শ্রমিকদের ১৫ টাকা দিতে হচ্ছে। জেলার নয়টি খাদ্যগুদামের একই চিত্র। হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে ক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
কুশখালী গ্রামের কৃষক ইউসুফ আলী অভিযোগ করেন, খাদ্যগুদামে ধানের ওজন করা হয় ইচ্ছামতো। ৭৭ বস্তা ধান নিয়ে গেলে ৭০-৭১ বস্তার বেশি পাওয়া যাচ্ছে না। তার ওপর বিভিন্ন পর্যায়ে বাড়তি টাকা দিতে হয়।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন জানান, সদর উপজেলায় এবার ২৪ হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়। উৎপাদন হয়েছে ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন। এর মধ্যে হাইব্রিড জাতের ধান ৩২ হাজার ৪০০ মেট্রিক টন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খাদ্যগুদামে কৃষকেরা তেমন যাচ্ছেন না বলে তিনি শুনেছেন। কৃষক নন, এমন কিছু লোক একজোট হয়ে ধান সরবরাহ করছেন। এতে সরকারের আসল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কৃষক জানান, নিরাঞ্জন সরকার, শাহাদাৎ হোসেন, শাহাদাৎ আলী, মনসুর আলী, মিজানুর রহমান, রফিকুল ইসলাম, মইনুল ইসলাম, মো. শামছু, ইসমাইল হোসেন, আবদুর সবুর, আবদুর রশিদ, মহিমুল্যাহ, আলাউদ্দীনসহ ৪০-৪৫ জন ব্যবসায়ী ও ফড়িয়া এবার সদর উপজেলার সরকারি গুদামে ধান সরবরাহ করছেন। ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় তাঁরা নির্বিঘ্নে এ কাজ করছেন।
আলাপকালে কয়েকজন ব্যবসায়ী বিষয়টি স্বীকারও করেছেন। মাছখোলা গ্রামের ব্যবসায়ী আলাউদ্দিন বলেন, তিনি ৩০-৪০টি কার্ড দিয়ে সরকারি গুদামে ধান সরবরাহ করছেন। তবে সবগুলো কার্ডই তাঁর আত্মীয়স্বজনের বলে দাবি করেন তিনি। একই গ্রামের আরেক ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, তিনি ১২টি কার্ড জোগাড় করে ধান সরবরাহ করছেন।
সরকারি গুদামগুলোতে প্রায়ই এসব ব্যবসায়ীর আনাগোনা দেখা যায়। তবে কুশখালী গ্রামের ধান ব্যবসায়ী ইউসুফ আলী বলেন, ধান সরবরাহের প্রক্রিয়া এলাকার কৃষকেরা বোঝেন না। তাঁদের সহযোগিতা করতে মাঝেমধ্যে তিনি খাদ্যগুদামে যান।
ব্যবসায়ী ও ফড়িয়ারা নানা কৌশলে ধান সরবরাহ করছেন বলে স্বীকার করেন সাতক্ষীরা সদরের খাদ্যগুদাম কর্মকর্তা মো. আশরাফুজ্জামান। তবে তাঁর দাবি, শতকরা ৪০ ভাগ ধান দিচ্ছেন কৃষকেরা। কৃষকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন আশরাফুজ্জামান। ওজনে গরমিলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সরবরাহকৃত ধানের আর্দ্রতা অনেক সময় বেশি থাকে। তখন ৪০ কেজির স্থলে ৪১ কেজির মতো নেওয়া হয়।
সাতক্ষীরা সদর উপজেলা খাদ্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, শ্রমিকেরা বস্তাপ্রতি অতিরিক্ত ১৫ টাকা নিচ্ছেন বলে একজন তাঁর কাছে অভিযোগ দিয়েছেন। আর্দ্রতার কারণে ওজনে কিছুটা বেশি নেওয়া হতে পারে। এর বাইরে তাঁর কিছু জানা নেই।