সরকারি চাকরি পেলেন রুপার বোন পপি

টাঙ্গাইলে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যার শিকার রুপার ছোট বোন পপি খাতুনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগ কোম্পানিতে অফিস সহকারী পদে তাঁকে চাকরি দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার কোম্পানির সদর দপ্তর তেজগাঁও কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক মো. এহসানুল কবির জগলুল এই নিয়োগপত্র পপির হাতে তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির মহাব্যবস্থাপক মোহাম্মদ সেলিম, উপমহাব্যবস্থাপক মো. নূরুল ইসলাম, রুপার বড় ভাই হাফিজুল ইসলাম।
নিয়োগপত্রে কোম্পানির বগুড়ার কার্যালয়ে আগামী ১৫ নভেম্বরের মধ্যে যোগদান করতে বলা হয়েছে।
পপি নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক পাস করেছেন। পপিরা তিন বোন দুই ভাই। এর মধ্যে রুপার মৃত্যু হয়েছে আর অন্য বোনের বিয়ে হয়েছে। দুই ভাই চাকরি খুঁজছে। তাঁদের বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছে।
রুপা (২৫) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আসানবাড়ী গ্রামের জেলহাজ প্রামাণিকের মেয়ে। একটি বহুজাতিক কোম্পানির কর্মী ছিলেন তিনি। গত ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহে যাওয়ার পথে চলন্ত বাসে ধর্ষণের শিকার হন তিনি। তাঁকে হত্যা করে লাশ মধুপুর বন এলাকায় ফেলে যান বাসটির শ্রমিকেরা। পুলিশ রাতেই লাশটি উদ্ধার করে। লাশে আঘাতের চিহ্ন থাকায় পুলিশ বাদী হয়ে মধুপুর থানায় হত্যা মামলা করে।
নিয়োগপত্র পাওয়ার পর পপি খাতুন বলেন, ‘ভালো লাগছে, অত্যন্ত খুশি হয়েছি। আমার বোন নিহত রুপা চাকরি করেই আমাদের সংসার চালাতেন। এখন আমিও চাকরি করে সংসার চালাতে পারব। চাকরি পাওয়ার জন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ধন্যবাদ জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘চাকরি পাওয়াতে যতটুকুনা খুশি হয়েছি, তার চেয়ে বেশি খুশি হব যদি আমার বোনের হত্যাকারীদের ফাঁসি দ্রুত বাস্তবায়ন হয়।’
রুপার মা হাসনা হেনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিমের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মেয়ে হারানোর বেদনা মুছে দিতে সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাতে আমরা অভিভূত। তবে আমি আমার জীবদ্দশায় হত্যাকারীদের বিচার দেখে যেতে চাই।’
গত ২৫ আগস্ট টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষণের পর হত্যার শিকার হন রূপা খাতুন। গত ১ সেপ্টেম্বর রুপার পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানাতে আয়োজিত স্মরণ ও শোকসভায় যোগদান করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম। তখন তিনি পপিকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে ওই পরিবারকে এক লাখ টাকা প্রদান করেন।