সরকারি চিকিৎসক ও সেবিকারা নাছিরের নির্বাচনী সভায়
আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিনের মতবিনিময় সভায় অংশ নিয়েছেন সরকারি চিকিৎসক ও সেবিকারা। চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) শাহ আলম বীর উত্তম মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত এ সভা চলে।
অভিযোগ উঠেছে, রোগী ফেলে অনেক চিকিৎসক নির্বাচনী সভায় যোগ দেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের রোগী দেখার সময় সকাল সাড়ে আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।
সভা চলাকালে প্রায় দেড় হাজার ধারণক্ষমতার ওই মিলনায়তনের ভেতরে অনেকে জায়গা না পেয়ে দাঁড়িয়ে ছিলেন।
সভায় যোগ দেওয়ার বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক শিপ্রা চৌধুরী বলেন, ‘আমাদের কেউ কেউ সভায় গেছেন। তবে আমরা কাজ শেষ করেই গিয়েছি। অনেক শিক্ষানবিশ নার্সও গেছেন। কাজের সমস্যা না করেই ওখানে কিছু সময়ের জন্য গেছে।’
নির্বাচনী সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ এবং বিশাল মতবিনিময় সভা—দুটিই নির্বাচনী আচরণবিধির সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে জানান চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন। তিনি বলেন, ‘ব্যানার লাগিয়ে মঞ্চ বানিয়ে বিশাল আয়োজন করে ভোট প্রার্থনা করা যাবে না। সরকারি ডাক্তারেরা যদি সভায় গিয়ে থাকে তাহলে ওই সব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেব।’
সভায় হাজির থাকার কথা স্বীকার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘সরকারি ডাক্তারদের কাউকে আমরা ডায়াসে (মঞ্চ) উঠতে দিইনি। এমনিতে ছিলাম দর্শকসারিতে। আমাদের ক্লাস শেষ করে, যে যার কাজ শেষ করে সেখানে গেছি।’
সভা চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগে (মেডিসিন) গিয়ে দেখা যায়, একটি কক্ষে রোগী দেখছেন এক চিকিৎসক। এই কক্ষের সামনে রোগীর ভিড়। অন্য কক্ষগুলোর সামনে রোগী থাকলেও চিকিৎসকদের দেখা যায়নি। এখানে প্রতিদিন ছয়জন চিকিৎসক রোগী দেখেন।
বহির্বিভাগের টিকিট বিলি করা কর্মচারীদের কাছে জানতে চাইলে তাঁরা বলেন, ‘স্যারেরা মিটিংয়ে গেছেন।’ এ সময় সমীর সরকার নামে এক রোগী বলেন, ‘ভাই দাঁড়িয়ে আছি দেড় ঘণ্টা থেকে। ডাক্তারেরা রুমে কেউ নেই। জিজ্ঞেস করলে বলেন, স্যার মিটিংয়ে।’
অন্য চিকিৎসকদের অনুপস্থিতির বিষয়ে প্রশ্ন করা হলে বহির্বিভাগের চিকিৎসক (মেডিসিন) তৌহিদুর রহমান জানান, পরিচালকের অনুমতি ছাড়া তিনি কথা বলতে পারবেন না। পরে অবশ্য, তিনি দাবি করেন মেডিসিন বিভাগে চারজন চিকিৎসক রোগী দেখছেন। তাঁর কক্ষ থেকে বের হয়ে এ দাবির সত্যতা মেলেনি।
দুপুর ১২টায় সার্জারি বহির্বিভাগে যাওয়ার পর টিকিটদানকারী কর্মচারী জানান, ‘পাঁচজনের জায়গায় এখন একজন ডাক্তার রয়েছেন। অন্যরা মিটিংয়ে গেছেন।’
সাড়ে ১২টায় শিশু স্বাস্থ্য বিভাগে গিয়ে দেখা যায় শিক্ষানবিশ ও কয়েকজন কনিষ্ঠ চিকিৎসক ছাড়া জ্যেষ্ঠ চিকিৎসক কেউ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক সেখানকার একজন অধ্যাপক বলেন, ‘আমার এখান থেকে দু-একজন চিকিৎসক সভায় গেছেন। তবে তাঁরা রাউন্ড শেষ করে গেছেন।’
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল গনি বলেন, ‘এটা একটি একাডেমিক হাসপাতাল। এখানে বিভিন্ন ধরনের কমিটমেন্ট থাকতে পারে। আমি সাড়ে ১০টায় বহির্বিভাগে গিয়ে বলেছি, যাতে চিকিৎসার কোনো ব্যাঘাত না ঘটে। দু-একজন চিকিৎসক তাঁদের কাজ শেষ করে গেলেও যেতে পারেন। তবে এতে সেবার কোনো সমস্যা হয়নি।’
মিলনায়তনের মঞ্চের ব্যানারে লেখা ছিল—‘মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের সমর্থনে মতবিনিময় সভা’। আয়োজক হিসেবে লেখা ছিল ‘সর্বস্তরের চিকিৎসক, চিকিৎসা পেশাজীবী, শিক্ষক-ছাত্রছাত্রী, নার্সেস-নার্সেস স্টুডেন্টস কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ’। সভায় আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. বদিউজ্জামান প্রধান অতিথি ছিলেন। এ ছাড়া সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি আ ফ ম রুহুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ইকবাল আর্সনাল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভা চলাকালে বেলা সাড়ে ১১টার মিলনায়তনে ঢোকেন আ জ ম নাছির উদ্দিন। এ সময় স্বাচিপ নেতা ও চমেক হাসপাতালের নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক মুজিবুল হক খান, বিএমএ নেতা ও পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক মো. শরীফ, চমেক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক নূর হোসেন ভূঁইয়া নাছিরকে মঞ্চ পর্যন্ত পৌঁছে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাচিপ চট্টগ্রামের সভাপতি শেখ শফিউল আজম। তিনি জানান, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও নার্সদের সংগঠন মিলে মেয়র পদপ্রার্থী নাছিরের জন্য মতবিনিময় সভার আয়োজন করলেও মূল উদ্যোগ স্বাচিপের।