ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাঁঠালিয়া বাজারের সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। সেখানে দুটি দোকান ও একটি গুদাম নির্মাণের কাজ চলছে। বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, প্রশাসনের কাছে এ বিষয়ে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অবৈধভাবে নির্মাণকাজ আরও দ্রুত শেষ করার চেষ্টা চলছে।
কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা কাঁঠালিয়া। মূল বাজারটি যে কাঁঠালিয়ায়, সেটি কোটচাঁদপুর উপজেলার মধ্যে পড়েছে। এই বাজারে কোটচাঁদপুর ছাড়াও কালীগঞ্জ উপজেলার বাসিন্দারের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। বাজারের কাছে রয়েছে সুন্দরপুর রেলওয়ে স্টেশন। সপ্তাহে শুক্র ও সোমবার কাঁঠালিয়ায় খোলাবাজার বসে। সেখানে অর্ধশত পাকা-সেমিপাকা দোকান রয়েছে। এগুলো ব্যক্তিমালিকানায় গড়ে উঠেছে। আবার কিছু কিছু ব্যবসায়ী বাজারের জায়গায় সেমিপাকা ঘর করে ব্যবসা করছেন।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, আছির উদ্দিন নামের এক ব্যক্তি এসব স্থাপনা নির্মাণ করছেন। তিনি এলাকার প্রভাবশালী, সাবেক ইউপি সদস্য এবং পাশের কালুখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি সরকারি দলের রাজনীতির সঙ্গে যুক্ত। যে কারণে এলাকার কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছেন না।
আছির উদ্দিন অবশ্য স্বীকার করেন জায়গাটি বাজারের এবং সরকারি। তারপরও কেন ভবন করছেন জানতে চাইলে তিনি বলেন, তিনি সিমেন্টের ব্যবসা করেন। বাজারের মধ্যে তাঁর যে দোকান রয়েছে, সেখানে ধুলো হয়। তাই বাজারের অন্য ব্যবসায়ীরা পৃথক স্থানে ঘর করে নিতে বলেছেন। নির্মাণকাজে বাধা এসেছিল। পরে সমঝোতা করে আবার নির্মাণ করছেন।
ব্যবসায়ীরা জানান, পাকা রাস্তার ধারের বাজারের এই জায়গার কিছু অংশ দখল করে আছির উদ্দিন পাকা দোকান নির্মাণ করছেন। মাত্র ২৫ দিনের ব্যবধানে তিনি পাকা ছাদ দিয়ে ফেলেছেন। সেখানে দুটি দোকান আর সঙ্গে একটি গুদাম তৈরি করছেন। তাঁরা প্রকাশ্যে প্রতিবাদ করতে না পারলেও প্রশাসনকে অবহিত করেছিলেন।
ব্যবসায়ীরা আরও জানান, কোটচাঁদপুরের সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রিপন সরেজমিনে এসে নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। আছির উদ্দিনকে নিজ দায়িত্বে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন। এরপর দুদিন কাজ বন্ধ ছিল। পরে হঠাৎ করেই ইউএনও বদলি হয়ে যান। এই সুযোগে নির্মাণকাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ঘরের ছাদ দেওয়া শেষ হয়েছে। এখন পলেস্তারা দেওয়ার কাজ চলছে।
কাঁঠালিয়া বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, নির্মাণাধীন ঘর ভেঙে দেওয়ার জন্য ইতিপূর্বে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল। এরপরও সেখানে অবৈধভাবে নির্মাণকাজ চলছে।
বর্তমান ইউএনও দেলোয়ার হোসেন বলেন, বাজারের জমি দখল করে কেউ ঘর করতে পারবেন না। বিষয়টি তিনি দ্রুত খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।