সরকারি দপ্তর এখন সবার বাড়িতে পৌঁছে গেছে: প্রতিমন্ত্রী
তথ্যপ্রযুক্তির দিক দিয়ে দেশ অনেক এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। তিনি বলেছেন, দেশের মানুষকে সেবা নিতে এখন সরকারি দপ্তরে যেতে হয় না, সরকারি দপ্তর সবার বাড়িতে পৌঁছে গেছে। দেশের ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহারের আওতায় এসেছে। প্রযুক্তির প্রসারে জমির পরচা তোলা থেকে শুরু করে পরীক্ষার ফরম পূরণ, বিদ্যুৎ বিল দেওয়াসহ প্রায় সব কাজ করা যাচ্ছে ঘরে বসে।
দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আজ মঙ্গলবার দুপুর ১২টায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রফিকুল ইসলাম, প্রকল্প পরিচালক এ কে এম আবদুল্লাহ খান, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, জেলা পরিষদ প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার শচীন চাকমা প্রমুখ।
জুনাইদ আহমেদ বলেন, বর্তমান সরকার সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করেছে। এ ছাড়া পৌরসভা, সিটি করপোরেশন সব মিলিয়ে আট হাজার ডিজিটাল সেন্টারে দুই হাজার ধরনের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। এই সেবা চালু হওয়ায় দুর্নীতি কমিয়ে আনাসহ মানুষের সময় ও আর্থিক ব্যয় কমেছে। করোনাকালীন যখন বিধিনিষেধ চলছিল, ঠিক সেই সময় এই প্রযুক্তির ব্যবহারে মাধ্যমে সরকারি সব দপ্তর, এমনকি স্কুল–কলেজের কার্যক্রম চালু রাখা গেছে। এখন ইন্টারনেট সংযোগ, একটি কম্পিউটার আর প্রযুক্তি জ্ঞান নিয়ে গ্রামের বাড়িতে বসে হাজার হাজার ডলার আয় করতে পারছে আজকের তরুণ ও যুবসমাজ।
প্রযুক্তির উন্নতির ফলে লাল ফিতার দৌরাত্ম্য কমেছে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, একটা সময় ছিল, কোনো একটা কাজের ফাইল পাস করানোর জন্য সাধারণ মানুষের কাছে একজন অসৎ কর্মকর্তা অবৈধ সুযোগ গ্রহণ করতেন। এখন উপকারভোগীর কোনো কাগজ লাল ফিতার মধ্যে বাঁধা থাকে না। লাল ফিতার দৌরাত্ম্য কমিয়ে ই-নথি সেবা চালু করা হয়েছে। ২০১৬-২০২২ সাল পর্যন্ত বিভিন্ন দপ্তরের ১ কোটি ৭০ লাখ ফাইল ই-নথিতে সম্পাদন করা হয়েছে। করোনা সময়ের মধ্যে প্রধানমন্ত্রী নিজেই ১ হাজার ৬০০ বৈঠক করেছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এ ছাড়া ভার্চ্যুয়াল কোর্ট ব্যবস্থা প্রণয়ন করার মধ্য দিয়ে ২ লাখ ৫৪ হাজার মামলা সম্পাদন করা হয়েছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের সব কাজ সম্পন্ন হচ্ছে।
দিনাজপুর সরকারি কলেজে স্থাপন করতে যাওয়া শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার তরুণদের নতুন কর্মসংস্থানের ঠিকানা হবে বলে মন্তব্য করেছেন জুনাইদ আদমেদ। তিনি বলেন, প্রকল্পটির কাজ শেষ হলে তরুণদের সরকারি চাকরির পেছনে দৌড়াতে হবে না। ২০২৫ সালের মধ্যে আইসিটি সেক্টর হতে পাঁচ বিলিয়ন ডলার রপ্তানি আয় হবে। একই সময়ে ৩০ লাখ মানুষের কর্মসংস্থান হবে। একদিকে বেকারত্ব দূর হবে। একই সঙ্গে ফ্রিল্যান্সিং করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হবেন।
অনুষ্ঠানের শেষ দিকে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ৮৮ জন ফ্রিল্যান্সারকে ল্যাপটপ বিতরণ করা হয়। এর আগে ক্যাম্পাস চত্বরে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী।