সরকারি ব্যবস্থাপনায় পাটকল চালুর দাবি
রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পুনরায় সরকারি ব্যবস্থায় চালুর দাবিতে খুলনায় অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত নগরের নতুন রাস্তা মোড়ের বিআইডিসি সড়কের মুখে এ কর্মসূচি চলে। আয়োজনে ছিল ‘পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ’ নামের একটি সংগঠন। কর্মসূচিতে পাটকল শ্রমিকদের পাশাপাশি বাম ঘরানার বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ করে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের ষড়যন্ত্র চলছে। অবিলম্বে বন্ধ সব সরকারি পাটকল চালু করতে হবে। সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) বা ব্যক্তিমালিকানায় নয়, রাষ্ট্রের মালিকানাতেই পাটকলগুলো পরিচালনা করতে হবে।
বক্তারা আরও বলেন, পাটকলগুলোর লোকসানের মূল কারণ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) দুর্নীতি-লুটপাট এবং পাটকল পরিচালনায় ভুল নীতি। তাই পাটকল বন্ধ নয়, দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে হবে। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো লাভজনক করতে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) একটি প্রস্তাব দিয়েছিল। ওই প্রস্তাবে বলা হয়, মাত্র এক হাজার ২০০ কোটি টাকা ব্যয় করে পাটকলগুলোকে আধুনিকায়ন ও লাভজনক করা সম্ভব। কিন্তু সরকার সে পথে না হেঁটে দুই-তিনগুণ বেশি টাকা ব্যয় করে পাটকলগুলো বন্ধ করে দিয়েছে। এতে একদিকে যেমন সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বেকার হয়ে পড়েছেন হাজার হাজার পাটকল শ্রমিক। এমন পরিস্থিতিতে পুনরায় পাটকলগুলো সরকারি ব্যবস্থাপনায় চালুর বিষয়টি অত্যন্ত যৌক্তিক দাবি।
অবস্থান কর্মসূচি থেকে ২০১৩ সালের পর অবসরপ্রাপ্ত শ্রমিকদের ভবিষ্য তহবিল (পিএফ) ও আনুতোষিকসহ (গ্র্যাচুইটি) সব পাওনা ও সব শ্রমিকদের বকেয়া ৬ সপ্তাহের মজুরি, বোনাস পরিশোধের আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক কুদরত-ই খুদা। অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের সদস্যসচিব এস এ রশীদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সদস্য সরদার রুহিন হোসেন প্রিন্স, পরিষদের যুগ্ম আহ্বায়ক আ ফ ম মহসীন, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য ও ইস্টার্ন জুট মিলের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আনিসুর রহমান, সিপিবির খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক মো. বাবুল হাওলাদার, জেলা সদস্য মিজানুর রহমান, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী, জাতীয় মুক্তি কাউন্সিলের জেলা আহ্বায়ক হুমায়ূন কবীর, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা আহ্বায়ক মনিরুল হক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রমুখ।