সরকারিভাবে পালিত হবে কপিলমুনি মুক্ত দিবস
মুক্তিযুদ্ধের সময় খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির যুদ্ধ খুলনা জেলার মধ্যে সর্বাধিক আলোচিত একটি ঘটনা। ৯ ডিসেম্বর কপিলমুনি হানাদারমুক্ত হয়। শুধু তা–ই নয়, দেশের ইতিহাসে গণরায়ের মাধ্যমে প্রথম যুদ্ধাপরাধীদের বিচারও হয় সেখানে। কিন্তু এত দিন এখানে আনুষ্ঠানিকভাবে এ দিবস পালিত হতো না। তবে এখন থেকে ৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কপিলমুনি মুক্ত দিবস পালন করা হবে।
কাল বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক কপিলমুনি এসে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করবেন। তিনি সেখানে ওই যুদ্ধক্ষেত্রের স্মৃতি সংরক্ষণকাজের উদ্বোধনও করবেন।
আজ মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এসব কথা জানানো হয়। ‘আমরা কপিলমুনিবাসী’ নামের একটি সংগঠন আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা-৬ আসনের (পাইকগাছা-কয়রা) সাংসদ মো. আক্তারুজ্জামান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাংসদ মো. আক্তারুজ্জামান বলেন, টানা চার দিন যুদ্ধের পর ১৯৭১ সালের ৯ ডিসেম্বর বেলা ১১টায় মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল রাজাকার বাহিনী। যুদ্ধ শেষে মুক্তিযোদ্ধারা আটক করেন ১৫৫ জন রাজাকার ও যুদ্ধাপরাধীকে। রাজাকারদের ঘাঁটি থেকে উদ্ধার করা বিভিন্ন কাগজপত্রের সঙ্গে পাওয়া যায় রাজাকারদের হাতে লেখা ১ হাজার ৬০১ জন শহীদের তালিকা। পরবর্তী টার্গেট হিসেবে এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার সহস্রাধিক মানুষের তালিকা পাওয়া যায়। সেখানে আরও পাওয়া যায় দেয়ালে পেরেকবিদ্ধ সৈয়দ আলী গাজীর ঝুলন্ত মৃতদেহ। ওই খবরে ফুঁসে ওঠে এলাকার আমজনতা।
রাজাকারদের বিচারের জন্য কপিলমুনি হাইস্কুল মাঠেই বসে জনতার আদালত। গণ–আদালতের রায় অনুযায়ী গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ১৫১ জন রাজাকারের।
সাংসদ মো. আক্তারুজ্জামান আরও বলেন, রাজাকারদের বিচারের জন্য কপিলমুনি হাইস্কুল মাঠেই বসে জনতার আদালত। গণ–আদালতের রায় অনুযায়ী গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ১৫১ জন রাজাকারের। মুক্তিযুদ্ধকালে গণ–আদালতের রায়ের মাধ্যমে যুদ্ধাপরাধীদের শাস্তি দেওয়ার ঘটনা খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনির ঘটনাটিই একমাত্র উদাহরণ। অথচ স্বাধীনতাযুদ্ধের ওই ঐতিহাসিক ঘটনার যথাযথ স্বীকৃতি মেলেনি। সেখানকার স্মৃতি সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দেয়ালে পেরেকবিদ্ধ সৈয়দ আলী গাজীর পরিবার ও সবার পরিচিত রাজাকারদের হাতে পরিবারের সবাইকে হারানো বীরাঙ্গনা গুরুদাসি মাসি (গুরুদাসি মণ্ডল) আজও অবহেলিত।
বর্তমান সরকারের প্রশংসা করে সাংসদ মো. আক্তারুজ্জামান বলেন, বর্তমান শেখ হাসিনা সরকারের সময়ই মুক্তিযুদ্ধের স্মৃতি ও গণ–আদালতের রায় কার্যকরের ঐতিহাসিক স্থান সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আনুষ্ঠানিকভাবে ওই যুদ্ধক্ষেত্রের স্মৃতি সংরক্ষণকাজের শুভ উদ্বোধন এবং ৯ ডিসেম্বর কপিলমুনি মুক্ত দিবস সরকারিভাবে পালনের কর্মসূচিতে উপস্থিত থাকবেন।
সাংসদ মো. আক্তারুজ্জামান আরও বলেন, কপিলমুনিতে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স নির্মিত হবে। ওই প্রকল্পে ইতিমধ্যে সরকার দুই কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সেখানে একটি আধুনিক মিলনায়তন, পাঠাগার ও পর্যটনের সুব্যবস্থার পরিকল্পনা নেওয়া হয়েছে। বীরাঙ্গনা গুরুদাসির রাষ্ট্রীয় স্বীকৃতির প্রক্রিয়া শুরু হয়েছে। এ ছাড়া কপিলমুনি হাসপাতালের আধুনিকায়ন, কপিলমুনিকে পৌরসভায় উন্নীতকরণ, প্রধান সড়ক সংস্কারসহ রায় সাহেব বিনোদ বিহারী সাধু প্রতিষ্ঠিত কপিলমুনির ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে বেশ কিছু উন্নয়ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন ও মুক্তিযুদ্ধবিষয়ক সচিব তপন কান্তি ঘোষসহ বরেণ্য ব্যক্তিরা।
সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল ভদ্র, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো. আবু হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।