‘সরকারের দুর্নীতি, দুঃশাসন, নিপীড়নে মানুষ অতিষ্ঠ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সৈয়দ এমরান সালেহ। আজ রোববার দুপুরে শহরের অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে
ছবি: প্রথম আলো

‘সরকারের পায়ের নিচে মাটি নাই। তাদের দুর্নীতি, দুঃশাসন, নিপীড়নে মানুষ অতিষ্ঠ। মন্ত্রীরা শহীদ জিয়ার লাশ, মাজার ও মুক্তিযুদ্ধে অবদান নিয়ে মিথ্যাচারের কম্পিটিশন শুরু করেছেন।’

আজ রোববার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ বলেন, আন্দোলন ও পতনের ভয়ে ভীত সরকার জনদৃষ্টি ভিন্ন দিকে নিতে ব্যস্ত। এ জন্য তারা মীমাংসিত ও নন–ইস্যুকে ইস্যু বানিয়ে বিতর্ক সৃস্টি করছে।

দুপুরে হালুয়াঘাট শহরে অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খানের সভাপতিত্বে এই পরিচিতি অনুষ্ঠান উপলক্ষে মতবিনিময় সভা হয়। স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের উদ্দেশে এমরান সালেহ বলেন, সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে এবার এমন আন্দোলন হবে, সরকার পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য হবে।
এমরান সালেহ বলেন, এই আন্দোলনে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া, আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আরফান আলী, আবদুল হামিদ, আলী আশরাফ, আবদুল আজিজ খান, মিজানুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আসাদুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের ময়মনসিংহ উত্তর জেলার সহসভাপতি শামসুল হক, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, সদস্যসচিব আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলিমুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান। মতবিনিময় শেষে হালুয়াঘাটে করোনা রোগীদের জন্য অক্সিজেনের সিলিন্ডার ও ওষুধ বিতরণ করা হয়।