সরকারের পৃষ্ঠপোষকতায় দেশে দ্রব্যমূল্য বাড়ছে: জোনায়েদ সাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনায় মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কা জোনায়েদ সাকি। আজ পাবনা প্রেসক্লাব মিলনায়তনে
ছবি: প্রথম আলো

সরকারের পৃষ্ঠপোষকতায় দেশে নিত্যপণ্যের দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এ বিষয়ে তিনি বলেন, ‘বর্তমান সরকার সিন্ডিকেটের সরকার। রাজনীতির ছত্রচ্ছায়ায় সরকার ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে। সরকারের পৃষ্ঠপোষকতায় দেশে দ্রব্যমূল্য বাড়ছে। উন্নয়ন প্রকল্পের মাধ্যমে লুটতরাজ চলছে।’

আজ শনিবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণসংহতি আন্দোলন পাবনা জেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। একই সঙ্গে তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ২৮ মার্চ দেশব্যাপী অর্ধদিবস হরতাল সফল করতে সবার প্রতি আহ্বান জানান।

জোনায়েদ সাকি বলেন, ‘দেশের আড়াই কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বা কাছাকাছি অবস্থান করছে। মধ্যবিত্তরাও টিসিবির লাইনে দাঁড়াচ্ছে। রাষ্ট্রের দায়িত্ব জনগণের মর্যাদা দেওয়া, কিন্তু তা না দিয়ে জনগণকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে সরকার। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করছে।’

গণসংহতি আন্দোলনের এই নেতা বলেন, ‘সরকার ভোটের চিন্তা করে না। ভোটের ধার ধারে না। যারা সরকারকে টিকিয়ে রেখেছে, সরকার তাদেরই পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তাই ভোটের অধিকার রক্ষায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। সব বিরোধী দলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যে লড়াই শুরু করেছি, সেটি সূচনামাত্র। এই সূচনা থেকেই বড় আন্দোলন গড়ে উঠবে।’

জোনায়েদ সাকি আরও বলেন, দেশে জমিদারি রাজত্ব নয়। নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। যে সরকার দেশ ও মানুষের জন্য ভাববে। সরকারকে পদত্যাগ করেই নির্বাচন দিতে হবে। এ জন্য আন্দোলনই একমাত্র পথ। সবাইকে সেই পথে আসার আহ্বান জানান তিনি।

গণসংহতি আন্দোলন পাবনা সদর উপজেলা শাখার আহ্বায়ক মির্জা রানার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জেলা সংগঠক কামরুল হাসান, সানোয়ার হোসেন, লিমন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।