সরকারের বিরোধিতা করতে গিয়ে বিএনপি রাষ্ট্রের বিরোধিতা শুরু করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। ঢাকার সাভারে বৃহস্পতিবার সকালে
ছবি: প্রথম আলো

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ এবং সরকারের বিরোধিতা করতে গিয়ে বিএনপি এখন রাষ্ট্রের বিরোধিতা করা শুরু করেছে। এটা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। বিএনপি বিশ্বে আটটি ফার্মকে নিয়োগ করে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করার জন্য যে টাকা বিনিয়োগ করেছে, তা রাষ্ট্রদ্রোহিতার শামিল।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপ-২০২১–এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, বিএনপি কোনো কিছুর ভেতরেই ভালো কিছু খুঁজে পায় না। ভালো কাজকে তারা ভালো বলার মতো মানসিক অবস্থায় নেই।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। নিশ্চয়ই তাঁদের যৌক্তিক দাবি দ্রুততম সময়ের মধ্যে সরকার মেনে নেবে। তবে কখনো কখনো আমরা লক্ষ করি, শিক্ষার্থীদের ঘাড়ে ভর করে বিরোধী রাজনৈতিক দল বা কিছু কিছু লোক ঘর পোড়ার ভেতরে আলু সেদ্ধ দেওয়ার মতো একটা জায়গায় যেতে চায়।’

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘নিরাপদ সড়কের দাবি যাঁরা করেছিলেন, তাঁদের দাবির সমর্থনে মির্জা ফখরুল ইসলাম তাঁদের উদ্দেশে বলেছিলেন, “আপনারা শুধু নিরাপদ সড়ক নয়, আপনারা সবাই সরকার পতনের আন্দোলনে অংশগ্রহণ করুন।” কাজেই এ জাতীয় সুযোগসন্ধানী কেউ আছে কি না, সেটাও খতিয়ে দেখতে হবে। আমার বিশ্বাস, বর্তমান সরকার দ্রুত সময়েই শিক্ষার্থীদের যৌক্তিক চাওয়াগুলো পূরণ করবে।’

দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহজাদা, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।