সরকারের ভাবমূর্তি নষ্ট করতে দ্রব্যমূল্যের উপর প্রভাব ফেলছে একটি চক্র: দীপু মনি
সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি চক্র দ্রব্যমূল্যের ওপর প্রভাব ফেলছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি দেখার জন্য সরকারের অনেক মন্ত্রণালয় ও সংস্থা কাজ করছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকারের পূর্ণ প্রচেষ্টা আছে। তারপরও কোথাও কোথাও কিছু অসাধু লোকের একটি অপচেষ্টা রয়েছে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য। তবে আমরা মনে করি, সমস্ত পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে।’
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় চার শয্যাবিশিষ্ট আইসিইউ কক্ষ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।
করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হলে অনলাইন-অফলাইন, দুভাবেই যেন শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে জন্য সরকার একটি জাতীয় নীতিমালা প্রণয়ন করছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা এ মাসেই এটি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারব।’
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, সিভিল সার্জন মো. শাহাদত হোসাইন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম মাহবুবুর রহমান প্রমুখ।