সরকারের সুনাম ক্ষুণ্ন করতে সাম্প্রদায়িকতার দুর্গন্ধ ছড়াচ্ছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পত্নীতলায় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন খাদ্যমন্ত্রী
ছবি: প্রথম আলো

প্রধানমন্ত্রীর শেখ হসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোলমডেল। সরকারের এই সুনাম ক্ষুণ্ন করতে সাম্প্রদায়িকতার দুর্গন্ধ ছড়াচ্ছে বিএনপি। কোরআন অবমাননা, মন্দির, হিন্দুপল্লিতে হামলা—তারই একটি অংশ। তবে শেখ হাসিনা যত দিন ক্ষমতায় থাকবেন, তত দিন বাংলাদেশের উন্নয়নে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না।

আজ শুক্রবার দুপুরে নওগাঁর পত্নীতলায় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত জনসভায় এসব কথা বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

খাদ্যমন্ত্রী বলেন, তৃণমুলের নেতা–কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। সব বিভেদ ভুলে নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে পারলে কোনো অপশক্তিই বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সাহস পাবে না। তবে বিএনপি-জামায়াত অপশক্তি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

বিএনপিকে গণতন্ত্রের হত্যাকারী দল হিসেবে উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, যেই দল নির্বাচনে অংশ নেয় না, তারাই গণতন্ত্রের প্রকৃত হত্যাকারী। তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। গণতন্ত্র হত্যার দায়ে তাদের গণ–আদালতে বিচার হওয়া উচিত।

উপজেলার নজিপুর কলেজ মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সাংসদ শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৫ আসনের সাংসদ নিজাম উদ্দিন জলিল, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এস এম কামাল হোসেন বলেন, একাত্তরের পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর জামায়াত-শিবির আজও বেঁচে আছে। তাদের পৃষ্ঠপোষক হলো বিএনপি। এই বিএনপি শান্তিপূর্ণ বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে এবার দেশে বিএনপি একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে চায়।