সরকার-সমর্থকদের হামলা, চাপে সন্ত্রস্ত কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার-সমর্থকদের হামলা ও ভয়ভীতি প্রদর্শনের কারণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের কাজের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রকল্পের কর্মকর্তারা। গত মাসে প্রকল্পটির বাস্তবায়নের কাজ শেষ হওয়ার কথা ছিল।
প্রকল্পের কর্মকর্তারা, চট্টগ্রাম ওয়াসা ও স্থানীয় থানা থেকে জানা যায়, সর্বশেষ গত ১৬ ও ১৯ অক্টোবরে প্রকল্পে দুই দফা হামলা হয়েছে। হামলাকারীরা নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের মারধর করেছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, এই প্রকল্পে স্থানীয় ছয় সরবরাহকারী শ্রমিক, ইট, পাথর, বাঁশ, বালুসহ অন্যান্য সামগ্রী সরবরাহ করে। সরবরাহ করা মালামালের মান নিয়ে প্রশ্ন তুললেই তারা নানা প্রক্রিয়ায় চাপ তৈরি করে।
প্রকল্পের একাধিক চীনা প্রকৌশলী নাম প্রকাশ না করার নিশ্চয়তা পেয়ে জানান, ইট, পাথর, বালু, বাঁশসহ বিভিন্ন উপকরণ সরবরাহের জন্য স্থানীয় সরকার সমর্থকেরা চাপ সৃষ্টি করে আসছে। বিশাল এই প্রকল্পে নিম্নমানের উপকরণ গ্রহণের কোনো সুযোগ নেই। স্থানীয়দের কয়েক ট্রাক নিম্নমানের পাথর ফেরত পাঠানো হয়। এ কারণে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে।
প্রকল্পের কর্মকর্তারা জানান, রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ, পোমরার বাসিন্দা রফিকুল ইসলাম, কাদের ও মফিজুলের নেতৃত্বে ছয়টি দল এই সরবরাহে যুক্ত।
জানতে চাইলে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের সংগঠনের পরিচয় দিয়ে কিছু লোক পানি শোধনাগার প্রকল্পে হানা দিয়ে আসছে বলে আমি শুনেছি। আসলে ওরা সংগঠনের কোনো পদে নেই।’
আর অভিযুক্ত পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম ওয়াসা দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার তাগাদা দিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। আর চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান সময়মতো কাজ শেষ করতে না পেরে আমাদের ওপর দায় চাপিয়ে দিচ্ছে। আমাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।’
মোহাম্মদ জাহেদ আরও বলেন, ‘প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্তরা ছয়টি ভাগে বিভক্ত হয়ে মাটি, বালু আর ইট সরবরাহ দিচ্ছে। প্রতিটি দলে ১৫ থেকে ২০ জন সদস্য রয়েছে, যাদের মধ্যে শুধু আওয়ামী লীগ নয়, বিএনপির সমর্থকও আছে। আমরা এখানে আওয়ামী লীগ-বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে নয়, ক্ষতিগ্রস্ত হিসেবে মালামাল সরবরাহ দিচ্ছি।’
প্রকল্পে ১৬ অক্টোবরের হামলার ঘটনায় ১৮ অক্টোবর চীনা ঠিকাদারের প্রতিনিধি মি. ইউজু রাঙ্গুনিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। এতে মো. রফিকুল ইসলামসহ দুজনকে অভিযুক্ত করা হয়। ডায়েরিতে বলা হয়, ১৬ অক্টোবর বিকেল পাঁচটায় প্রকল্প এলাকায় ঢুকে সুপারভাইজার সুমনকে স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম ওরফে রফু সওদাগরসহ আরও দুজন হুমকি দেন। তাঁরা প্রকল্পে শ্রমিক সরবরাহ করবেন না বলে জানান।
এ ব্যাপারে মো. রফিকুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
গত ১৯ অক্টোবর ৯-১০ জন অজ্ঞাতনামা লোক প্রকল্প এলাকায় বিনা অনুমতিতে ঢুকতে চাইলে কর্তব্যরত নিরাপত্তাকর্মী আবুল কাশেমের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আবুল কাশেমকে মারধর করে ভেতরে ঢোকে তারা। কাশেমের চিৎকারে প্রকল্পের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাঁকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। ওই ঘটনায় রাঙ্গুনিয়া থানায় ২০ অক্টোবর সাধারণ ডায়েরি করা হয়।
এসব জিডির তদন্ত হয়েছে কি না বা জিডির ভিত্তিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না—জানতে চাইলে জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পের প্রকৌশলীরা কাজে বাধা পেয়ে আমার সঙ্গে দেখা করেছেন। আমি রাঙ্গুনিয়ার ওসিকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। কারণ, প্রকল্পটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে বিবেচিত।’
চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়িত হলে ১৪ কোটি ৩০ লিটার লাখ পানি সরবরাহ বাড়ানো যাবে। কিন্তু প্রকল্প এলাকায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান বাধা পাচ্ছে। বিষয়টি সরকারের ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে।’
এর আগে প্রজেক্ট বিল্ডার্স লিমিটেড (পিবিএল) নামে প্রকল্পের উপঠিকাদারের সঙ্গে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএনটিআইসি-বিএসইইসি জেভির বিরোধ মামলায় গড়ায় প্রকল্পের কাজে অচলাবস্থা তৈরি হয়। শেষ পর্যন্ত উচ্চ আদালত চীনা ঠিকাদারের পক্ষে রায় দেন। এখন সমস্যা হয়ে দেখা দিয়েছে স্থানীয়দের উৎপাত।
গত ৩১ আগস্ট চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানায়, স্থানীয় কিছু সরবরাহকারী নিম্নমানের মালামাল গ্রহণ করতে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের ওপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে। তারা বিভিন্ন ‘সাবকন্ট্রাকটিংয়ের’ (উপঠিকাদারি) জন্য অন্যায় আবদার করছে, যা প্রকল্প কাজের গুণগত মান এবং অগ্রগতির জন্য হুমকিস্বরূপ।
চিঠিতে বলা হয়, গত ২৮ আগস্ট উপপ্রকল্প পরিচালক, উপদেষ্টা প্রকৌশলী, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানসহ স্থানীয় সরবরাহকারীদের সঙ্গে আলোচনায় বসলে তারা ভালো মানের মালামাল সরবরাহ করতে সম্মত হয়। কিন্তু এরপর আবারও সরবরাহকারীরা নিম্নমানের সামগ্রী নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। এতে কাজের অগ্রগতি ব্যাহত এবং গুণগত মান রক্ষা করা কঠিন হচ্ছে।
চিঠিতে প্রকল্প এলাকায় বড় ধরনের নিরাপত্তাজনিত দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করে বলা হয়, সেখানে প্রায় ৪০ জন দেশি-বিদেশি প্রকৌশলী ও কর্মকর্তা নিয়োজিত আছেন। এর মধ্যে ২০ জন বিদেশি। তাই প্রকল্প নিরাপত্তার বিষয়টি স্পর্শকাতর।
চট্টগ্রাম নগরে সুপেয় পানি সরবরাহ বাড়ানোর জন্য ২০১১ সালের ২০ নভেম্বর কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের কাজ শুরু করে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএনটিআইসি-বিএসইইসি জেভি। জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নে খরচ হচ্ছে প্রায় এক হাজার ১৬৩ কোটি টাকা।
ওয়াসা সূত্র জানায়, তিন ভাগে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এক. রাঙ্গুনিয়ায় পানি শোধনাগারের কাজ, দুই. রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম নগর পর্যন্ত পাইপলাইন বসানো, তিন. নগরে জলাধার নির্মাণ করা। পাইপলাইনের কাজ ৮০ শতাংশ ও জলাধার নির্মাণের ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। পানি শোধনাগারের কাজ মাত্র ৩৫ শতাংশ শেষ হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।