যশোর মেডিকেল কলেজে ছয় মাস আগে করোনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর যন্ত্র এসেছে। তবে সেটি প্যাকেটবন্দী অবস্থায় পড়ে রয়েছে। বায়োসেফটি ক্যাবিনেট, লুমিনিয়া ফ্লো যন্ত্রসহ প্রয়োজনীয় সরঞ্জাম, জনবল না থাকায় যন্ত্রটি স্থাপন করা যাচ্ছে না বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে সারা দেশের মতো গত এক সপ্তাহে যশোর অঞ্চলে করোনার সংক্রমণ বেড়ে গেছে। এই জেলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার ল্যাবে করোনার পরীক্ষা করা হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ ও যশোর মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, ২০২০ সালের এপ্রিলে যশোরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। তখন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার ল্যাবে আরটি-পিসিআর যন্ত্র স্থাপন করে নমুনা পরীক্ষা শুরু হয়। শুধু যশোর নয়, আশপাশের জেলা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য এই ল্যাবে পাঠানো হয়। ফলে নমুনা পরীক্ষায় হিমশিম খেতে হয় ল্যাব-সংশ্লিষ্টদের। এ অবস্থায় ওই বছরের জুলাইয়ে যশোর মেডিকেল কলেজে আরটি-পিসিআর যন্ত্র স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। যশোর করোনা প্রতিরোধ কমিটির পক্ষ থেকেও আরটি-পিসিআর যন্ত্র স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। গত বছরের আগস্টে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যশোর মেডিকেল কলেজে একটি আরটি-পিসিআর যন্ত্র পাঠানো হয়। তবে যন্ত্রটি প্যাকেটবন্দী অবস্থায় যশোর মেডিকেল কলেজের ভান্ডার কক্ষে পড়ে রয়েছে।
এদিকে সম্প্রতি যশোরে করোনা পরিস্থিতির অবনতি ঘটেছে। ইতিমধ্যে উচ্চ সংক্রমণের তালিকায় এই জেলার নাম রেড জোনে ওঠে এসেছে। প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা বাড়ছে। বাড়ছে নমুনা পরীক্ষার হার।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার ল্যাব সূত্রে জানা গেছে, গতকাল শনিবার যশোর, নড়াইল ও মাগুরা জেলার ৩৭৭টি করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করে ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ‘যশোর মেডিকেল কলেজে পড়ে থাকা আরটি-পিসিআর যন্ত্রটি দ্রুত স্থাপনের জন্য কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলেছি। জেলা মাসিক সমন্বয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ মহিদুর রহমান বলেন, ‘যন্ত্রটি ইউনিসেফের অনুদান হিসেবে এসেছে। যে কারণে ইউনিসেফের প্রকৌশলীর মাধ্যমে যন্ত্রের প্যাকেট খোলার নিয়ম রয়েছে। অন্য সরঞ্জাম না আসায় যন্ত্রটি এত দিনে স্থাপন করা যায়নি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।’