সরবরাহ না থাকায় জামালপুরে টিকাদান বন্ধ
সরবরাহ না থাকায় জামালপুরে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম বন্ধ আছে। শূন্যে পৌঁছেছে করোনার টিকার মজুত। গতকাল মঙ্গলবার থেকে মজুত শেষ হয়ে যাওয়ায় টিকাদানের সব কার্যক্রম বন্ধ রয়েছে।
আজ বুধবার সকালে গিয়ে দেখা যায়, শহরের বকুলতলা এলাকায় মির্জা আজম টিকাদানকেন্দ্র বন্ধ রয়েছে। সেখানে টিকাদান কার্যক্রম বন্ধের ব্যানার লাগিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ সম্পর্কে সিভিল সার্জন প্রণয় কান্তি দাস বলেন, টিকা সরবরাহ না থাকায় করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ আছে। জাতীয় পর্যায় থেকে টিকাপ্রাপ্তি সাপেক্ষে পরে খুদে বার্তা দেওয়া হবে।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার পর্যন্ত জেলায় প্রথম ডোজের টিকা পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৫৭৯ জন। আর দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ৭১ হাজার ৬৮৯ জন। ৭ ফেব্রুয়ারি জেলায় প্রথম টিকাদান কার্যক্রম শুরু হয়।
এ অবস্থায় দ্বিতীয় ডোজ পাওয়ার বিষয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন জেলার ১ লাখ ২৫ হাজার ৮৯০ মানুষ। তবে জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, মজুত শেষ হওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। টিকার সরবরাহ পাওয়ার পর আবার কার্যক্রম শুরু করা হবে।
জামালপুর জেনারেল হাসপাতাল কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম প্রথম আলোকে বলেন, সাধারণ মানুষের মধ্যে টিকা দেওয়ার ব্যাপারে আগ্রহ তৈরি হয়েছিল। হঠাৎ টিকাদান বন্ধ করে দেওয়ায় অনেক মানুষ ভোগান্তিতে পড়েছেন। অনেকে প্রথম ও দ্বিতীয় ডোজের বার্তা পেয়েছেন। তাঁরা কেন্দ্রে গিয়ে ফেরত আসছেন। দ্রুত সময়ের মধ্যে টিকাদান কার্যক্রম শুরুর বিষয়ে স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে। তারাও চেষ্টা করছে, যাতে এ কার্যক্রম দ্রুত চালু করতে পারে।