সরাইলে একই পরিবারের ৫ জন কোভিডে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন কোভিডে আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের মাধবপুরে কোভিডে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক স্বজনের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে গিয়েই তাঁরা আক্রান্ত হয়েছেন। তাঁরা উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. নোমান মিয়া।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আক্রান্ত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, ওই স্বজনের শেষকৃত্য শেষে ওই পরিবারের সবার সঙ্গে তাঁরাও সবাই নমুনা দেন। পরীক্ষার পর এই পাঁচজনেরই করোনা পজিটিভ আসে। সাত দিন আগে করোনা নিয়েই পরিবারটি সরাইলে নিজ বাড়িতে আসে। এখানে তারা স্বাভাবিকভাইে চলাফেরা করছে বলে একাধিক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জানায়।

আজ শনিবার বিকেলে ওই পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছেন বলে সরাইল হাসপাতালকে নিশ্চিত করেছে মাধবপুর হাসপাতাল কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নোমান মিয়া প্রথম আলোকে বলেন, ‘ওই পরিবারের সঙ্গে আমাদের মাঠপর্যায়ের কর্মীরা কথা বলেছেন। আগামীকাল রোববার আমরা তাঁদের আইসোলেশন নিশ্চিত করব। ওই বাড়িটিও লকডাউন করা হবে। আজ আমরা শাহবাজপুরের একটি ও কালীকচ্ছ এলাকার একটি বাড়ি লকডাউন করেছি।’