সরাইলে কঠোর বিধিনিষেধের মধ্যেও অটোরিকশার চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঠোর বিধিনিষেধের মধ্যেও সরাইলে স্বাভাবিক দিনের মতোই ব্যাটারি ও সিএনজিচালিত যানবাহন চলাচল করেছে। আজ বেলা পৌনে ১২ টার দিকে বিশ্বরোড মোড়ে তোলা।
ছবি: প্রথম আলো

করোনা সংক্রমণ ঠেকাতে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী আনা-নেওয়া অব্যাহত রয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কের সরাইল কুট্টাপাড়া ও বিশ্বরোড মোড়ে স্বাভাবিক সময়ের চেয়ে বেশিসংখ্যক তিন চাকার যন্ত্রচালিত যানবাহন চলাচল করতে দেখা গেছে। এ সময়ের মধ্যে যাত্রীবাহী মোটরসাইকেলের চলাচলও ছিল চোখে পড়ার মতো।

সরেজমিনে দেখা গেছে, কুট্টাপাড়া মোড় এলাকায় খাঁটিহাতা হাইওয়ে থানার সামনে পুলিশের উপস্থিতিতেই মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাগুলো অবাধে যাত্রী নিয়ে শাহবাজপুর, চান্দুরা ও মাধবপুরে যাতায়ত করছে।

এদিকে বিশ্বরোড মোড়ে তিন দিকের সড়কের ওপর ১৫ থেকে ২০টি করে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা অবস্থান করতে দেখা যায়। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না এসব যানবাহনে। গাদাগাদি করেই যাত্রী নিয়ে এসব বাহন উপজেলার অরুয়াইল, ব্রাহ্মণবাড়িয়া সদর, নাসিরনগর ও আশুগঞ্জের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। কোনো কোনো ব্যাটারিচালিত রিকশায় চালকসহ ৭ জনকে চড়তে দেখা গেছে।

মোটরসাইকেলগুলো যাত্রী নিয়ে উপজেলার চুন্টা, শাহবাজপুর, অরুয়াইলসহ জেলার নাসিরনগর, আশুগঞ্জ ও জেলা সদরে যাতায়াত করছিল। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কিলোমিটারে জনপ্রতি ১৫ টাকা করে ভাড়া গুনতে হচ্ছে তাঁদের।

বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ও বিজিবির সদস্যদের নিয়ে বিশ্বরোড মোড়ে অবস্থান নেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস। এ সময় তিনি হাইওয়ে থানার পুলিশ সদস্যদের ডেকে নিয়ে মহাসড়কে কোনো যাত্রীবাহী যানবাহন না রাখার নির্দেশ দেন। তবে ওই সময়ও মোড়ের উত্তর, দক্ষিণ ও পশ্চিম দিকে ১৫ থেকে ২০টি অটোরিকশা অবস্থান করছিল।

তবে এসব যানবাহনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ছবি তুলে চলে যান। এর কিছুক্ষণ পরই সড়কে আবার আগের চিত্র ফিরে আসে।

এদিকে মহাসড়কে বেশ কয়েকটি মোটরসাইকেলকে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে। মোটরসাইকেলগুলো যাত্রী নিয়ে উপজেলার চুন্টা, শাহবাজপুর, অরুয়াইলসহ জেলার নাসিরনগর, আশুগঞ্জ ও জেলা সদরে যাতায়াত করছিল। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কিলোমিটারে জনপ্রতি ১৫ টাকা করে ভাড়া গুনতে হচ্ছে তাঁদের।

বেশির ভাগ মোটরসাইকেলেই চালক ছাড়াও দুজনকে চড়তে দেখা গেছে। অধিকাংশ যাত্রীর মুখেই মাস্ক ও মাথায় হেলমেট ছিল না। এ ছাড়া কিছু পণ্যবাহী গাড়িতে চড়েও যাত্রীদের দূরপাল্লায় যাতায়াত করতে দেখা গেছে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম প্রথম আলোকে বলেন, ‘লকডাউন চলাকালে অটোরিকশা কেন, যন্ত্রচালিত কোনো যানবাহনই যৌক্তিক কারণ ছাড়া মহাসড়কে চলতে পারবে না। আজকেও মহাসড়কে যাত্রীবাহী বাস আটক করা হয়েছে। দিনভর আমি মহাসড়কেই ছিলাম। মহাসড়কে যাত্রীবাহী কোনো যানবাহন বা মোটরসাইকেল পেলেই আমরা মামলা দিয়ে থাকি।’