সরাইলে খোঁজ মেলেনি নিখোঁজ ছাত্রীর
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদর থেকে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী (১২) নিখোঁজের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। সে উপজেলা সদরের একটি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী। নিখোঁজের ব্যাপারে গতকাল রাতে থানায় ছাত্রীর মামা সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সবশেষ ওই ছাত্রীকে বিদ্যালয়ের আশপাশে দেখা গেছে বলে জানিয়েছে সহপাঠীরা। জিডি ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে ওই ছাত্রী তার মায়ের কাছ থেকে ২০ টাকা নিয়ে নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। বিদ্যালয়ের পাশে একটি ফটোকপির দোকানে যাবে বলে মাকে সে জানায়। বেলা সাড়ে ১১টার দিকে সহপাঠীরা তাকে বিদ্যালয়ের সামনে দেখেছে। এর পর থেকে সে নিখোঁজ।
পরিবারের লোকজন দিনভর আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেন। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। পরে রাতে ছাত্রীর মামা থানায় জিডি করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেছেন, শনিবার বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের কোনো কার্যক্রম ছিল না। তাই ওই দিন ছাত্রীর বিদ্যালয়ে প্রবেশের কথা নয়।
ছাত্রীর পরিবারের সদস্যদের অভিযোগ, কয়েক দিন ধরে গ্রামের ‘বখাটে’ এক ছেলে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। মেয়েটিকে তুলে নেওয়ারও হুমকি দিয়েছিল সে। ছাত্রীর নিখোঁজের পেছনে ‘বখাটের’ হাত থাকতে পারে। পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে মামলা করা হবে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, অনুসন্ধান চালানো হচ্ছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ছাত্রীটি বিদ্যালয়ের আশপাশে ছিল বলে জানা গেছে। খুব শিগগির তার সন্ধান পাওয়া যাবে।