সরাইলে চলন্ত বাসে ব্যক্তিগত গাড়ির ধাক্কা, নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে চলন্ত বাসের পেছনে ব্যক্তিগত গাড়ির ধাক্কায় একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বারিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীর নাম দুলাল ভূঁইয়া ওরফে দুলো ভূঁইয়া (৬০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিরকান্দি গ্রামের আবদুর রহমান ভূঁইয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার যাত্রী। হতাহত ব্যক্তিরা ওই গাড়ির যাত্রী ছিলেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরপর বাসের চালক পালিয়ে গেছেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটি মহাসড়কের ওপর থেকে সরিয়ে নিলে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও আহত যাত্রী সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে দুলাল ভূঁইয়া, তাঁর ছেলে হানিফ ভূঁইয়াসহ (১৬) পাঁচজন ভাড়ায় চালিত ব্যক্তিগত একটি গাড়িতে করে মৌলভীবাজার শহর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্ব রোড মোড়ে আসছিলেন। গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বারিউড়া এলাকায় যাত্রীবাহী একটি চলন্ত বাসকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়।
এতে ব্যক্তিগত গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান দুলাল ভূঁইয়া। আহত হন হানিফ ভূঁইয়া, দীন ইসলাম (২৬), জাবেদ মিয়া (২৮) ও নাজমুল হোসেন (৩০)। আহত ব্যক্তিদের মধ্যে দীন ইসলামকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, লাশ থানায় রাখা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মহাসড়ক আইনে মামলার প্রক্রিয়া চলছে।