সরাইলে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিপেটার অভিযোগ, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে হামলা-নির্যাতন ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। রোববার উপজেলা সদরের বড়দেওয়াপাড়া এলাকায়
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ জানিয়েছে, পুলিশের গাড়ি দেখেই ছাত্রদলের নেতা-কর্মীরা দৌড়ে পালিয়েছেন। তাঁদের মারধর করা হয়নি।

সারা দেশে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা-নির্যাতন ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে আজ রোববার উপজেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করলে এ ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল হোসেন লস্কর ও সদস্যসচিব মীর ওয়ালীদ উদ্দীনের নেতৃত্বে কয়েক শ নেতা-কর্মী উপজেলা সদরের বড় দেওয়াপাড়া গ্রাম থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কিছু দূর যাওয়ার পর সরাইল-অরুয়াইল সড়কের ওপরে ওঠামাত্রই পুলিশ পেছন দিক থেকে ধাওয়া দিয়ে লাঠিপেটা শুরু করে। তখন মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা দিগ্‌বিদিক ছোটাছুটি করে পালিয়ে যান। পুলিশের লাঠিপেটায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল হোসেন লস্কর, যুগ্ম আহ্বায়ক জুনায়েদ মিয়া, সোহাগ মিয়াসহ অন্তত ১৫ নেতা-কর্মী আহত হন। গ্রেপ্তার এড়াতে তাঁরা গোপনে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

জামাল হোসেন লস্কর প্রথম আলোকে বলেন, ‘বিনা কারণে পুলিশ আমাদের ওপর হামলা চালিয়ে মারধর করেছে। পুলিশের পিটুনিতে আমিসহ ১৫-১৬ জন নেতা-কর্মী আহত হয়েছেন।’ তিনি আরও বলেন, গত ২৮ মার্চ উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণার পরপরই মীর ওয়ালীদের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী একটি আনন্দ মিছিল বের করেছিলেন। ওই মিছিল থেকে চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছিল।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, আজ বেলা ১১টার দিকে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করতে চেয়েছিলেন। তাঁরা পুলিশের গাড়ি দেখেই দৌড়ে পালিয়েছেন। তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ বা মারধর করা হয়নি।