সরাইলে বাদশাহর ওজন ৩০ মণ, দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা
প্রায় চার বছর আগে ছোট আকারের দেশি জাতের ২০টি ষাঁড় নিয়ে বাড়িতে খামার গড়ে তোলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কবির হোসেন (৪৫)। গত দুই বছরে তিনি ঈদুল আজহার আগে ১৮টি ষাঁড় বিক্রি করে দেন। তবে সেখান থেকে বড় আকারের দুটি ষাঁড় কবির রেখে দিয়েছিলেন। ষাঁড় দুটির নাম বাদশাহ ও লাল বাদশাহ। এর মধ্যে বাদশাহ গরুটি স্থানীয়ভাবে সাড়া ফেলেছে।
বাদশাহর ওজন প্রায় ৩০ মণ। উচ্চতা ৬ ফুট আর লম্বায় ৯ ফুট। আগামী সোমবার স্থানীয় পশুর হাটে বাদশাহকে বিক্রির জন্য তুলতে চান কবির। ইতিমধ্যে অনেক ক্রেতা বাদশাহকে কেনার আগ্রহ দেখিয়ে কবিরের খামারে আসছেন। কবির তাঁর প্রিয় বাদশাহর দাম হাঁকছেন ১০ লাখ টাকা। তবে এখন পর্যন্ত খামারে আসা ক্রেতারা সর্বোচ্চ ছয় লাখ টাকা দাম বলেছেন।
কবির হোসেনের বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে। তিনি প্রথম আলোকে বলেন, তিনি দুই বছর আগে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের বাদশাহকে আড়াই লাখ টাকা দিয়ে কিনেছিলেন। বাদশাহকে প্রতিদিন ২০ থেকে ৩০ কেজি ওজনের খইল, ভুসি, বুট, ছোলা, খড় ও ঘাস খাওয়াতে হয়। এতে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা খরচ হতো। তবে এখন চারদিকে পানি থাকায় ঘাস পাওয়া যাচ্ছে না। তাই খরচও বেড়ে গেছে। এখন প্রতিদিন শুধু বাদশাহর পেছনে খরচ হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকা।
কবির হোসেনের ছোট ভাই আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, দুই বছর ধরে অনেক যত্ন করে তিনি বাদশাহকে লালন-পালন করেছেন। তাঁদের খামারে বাদশাহ ছাড়াও ১১টি ষাঁড় বিক্রির উপযুক্ত হয়েছে। সেগুলোর দাম ১ লাখ ২০ হাজার টাকা থেকে শুরু করে ৭ লাখ টাকা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, গত ১৬ ফেব্রুয়ারি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপজেলার সেরা ষাঁড় হয়েছিল বাদশাহ। গত দুই বছর কবির ষাঁড় বিক্রি করে তেমন লাভ করতে পারেননি। এ বছর বাদশাহকে বিক্রি করে তিনি ন্যায্যমূল্য পাবেন বলে আশা করা যাচ্ছে।