সরাইলে বিএনপির কমিটিতে আ.লীগ কর্মীর নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন শাখা বিএনপির আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগ কর্মী ওবায়েদ মিয়ার নাম
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন শাখা বিএনপির আহ্বায়ক কমিটিতে এক আওয়ামী লীগ কর্মীর নাম অন্তর্ভুক্তির অভিযোগ পাওয়া গেছে। ওই কর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর নাম বিএনপির কমিটিতে অন্তর্ভুক্তি করার প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেছেন।

বিএনপি ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ অক্টোবর উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন শাখা বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি। উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুল ইসলাম ও সদস্যসচিব নুরুজামান লস্করের স্বাক্ষরিত কমিটির নামের তালিকা ফেসবুকে প্রকাশ করা হয়।সেখানে দেখা যায় কমিটির ৩০ নম্বর সদস্য শাহজাদাপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা ওবায়েদ মিয়া। তিনি শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী।

বিষয়টি নজরে এলে শনিবার রাতে যুবলীগের কর্মী ওবায়েদ মিয়া ফেসবুকে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি শাহজাদাপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলাম। কে বা কারা আমাকে বিএনপির কমিটিতে নাম দিয়েছে, আমি তা জানি না। আমি এই কমিটি প্রত্যাখ্যান করলাম। এর বিচার দাবি জানাচ্ছি।’

আজ রোববার এ বিষয়ে মুঠোফোনে ওবায়েদ মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমি কখনোই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। আমি একসময় যুবলীগের সদস্য ছিলাম, এখন আওয়ামী লীগ করি। আমি এ ঘটনায় নিন্দা জানাচ্ছি।’

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির দুই নম্বর সদস্য আনোয়ার হোসেন বলেন, ‘এখন যে দুজন বিএনপির দায়িত্বে আছেন, তাঁরা নিজেরাই বিএনপির লোক না। টাকার বিনিময়ে কমিটি হয়েছে। তাঁরা আমাদের সঙ্গে কোনোরকম সভা বা পরামর্শ না করেই কমিটি দিচ্ছেন। তাঁরা কাউকে চেনেন না।’

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব নুরুজ্জামান লস্কর বলেন, ‘ওবায়েদ মিয়া আমাদের কর্মী। তিনি আমাদের কর্মিসভায় অংশ নিয়ে থাকেন। এখন ভয়ে এমনটি করছেন। এরপরও যদি তিনি আমাদের সঙ্গে থাকতে না চান, বাদ দিয়ে দেব। আমাদের দলে লোকের অভাব নেই।’

উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুল ইসলাম বলেন, ইউনিয়ন পর্যায়ের নেতাদের দেওয়া তালিকায় তাঁরা স্বাক্ষর করেছেন। তিনি তাঁদের চেনেন না। তবু এমনটি হওয়ার কথা নয়।