সরাইলে লোডশেডিংয়ের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাসড়ক থেকে অবরোধ তুলে নিতে শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রাজিব আহমেদের (বাঁ থেকে দ্বিতীয়) সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে সরাইল থানার ওসি আসলাম হোসেনকে। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে
প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। আজ শনিবার বিকেল সোয়া চারটার দিকে উপজেলার শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায় কয়েক শ লোক জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলার শাহবাজপুর ও শাহজাদাপুর ইউনিয়নের পুরো অংশে গতকাল শুক্রবার রাত ১২টার দিকে বিদ্যুৎ চলে যায়। ১৭ ঘণ্টা পর আজ বিকেল ৫টায় বিদ্যুৎ আসে। এর আগে গত বুধবার রাত আটটার দিকে এ দুই ইউনিয়নে বিদ্যুৎ চলে গিয়ে আসে ২৭ ঘণ্টা পর বৃহস্পতিবার রাত ১১টার দিকে। এরপরও সারা রাত বিদ্যুৎ আসা-যাওয়া করতে থাকে। ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রাজিব আহমেদের নেতৃত্বে আজ কয়েক শ লোক ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ও সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি শাহজালাল আলম ঘটনাস্থলে ছুটে যান। তাঁদের হস্তক্ষেপে বিকেল পৌনে পাঁচটার দিকে মহাসড়ক থেকে বিক্ষুব্ধ লোকজন সরে যান। অবরোধ চলাকালে সব ধরনের যানবাহন মহাসড়কে আটকা পড়ে।

এর আগে একই দাবিতে আজ সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায় এলাকাবাসী মানববন্ধন করেন। শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রাজিব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা দুটি ইউনিয়নের লোকজন বুধবার থেকে টানা ২৭ ঘণ্টা, আবার শুক্রবার রাত একটা থেকে টানা ১৭ ঘণ্টা বিদ্যুৎহীন ছিলাম। বিদ্যুৎ বিভাগের এখানকার নির্বাহী প্রকৌশলী আমাদের ফোন ধরেন না। বিদ্যুৎ না থাকার বিষয়টি আগে থেকে প্রচারও করেন না। আমরা দিনের ২৪ ঘণ্টার মধ্যে গড়ে ৩ ঘণ্টাও বিদ্যুৎ পাই না। তাই জনগণের দাবির পরিপ্রেক্ষিতে আমিও এ আন্দোলনে অংশ নিয়েছি। বলতে পারেন নেতৃত্ব দিয়েছি।’

ইউপি চেয়ারম্যান বলেন, ‘দুটি ইউনিয়নের লোকজন বুধবার থেকে টানা ২৭ ঘণ্টা, আবার শুক্রবার রাত একটা থেকে টানা ১৭ ঘণ্টা বিদ্যুৎহীন ছিলাম। বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমাদের ফোন ধরেন না।’
ঘন ঘন বিদ্যুৎবিভ্রাটের প্রতিবাদে ব্রহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায় লোকজন গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে রাখেন। শনিবার বিকেলে
প্রথম আলো

ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় লোকজন ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়েছিলেন। তাঁদের উদ্দেশ্য ছিল মহাসড়ক অবরোধ করা। পরে আমি তাঁদের শান্ত করেছিলাম। কিন্তু আজ আমিও মাঠে নামতে বাধ্য হয়েছি।’

সরাইল থানার ওসি আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, মহাসড়ক অবরোধের ঘটনা শুনেই তিনি দ্রুত শাহবাজপুর উপস্থিত হয়ে লোকজনকে শান্ত করেছেন। কিছুক্ষণ পরই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

জানতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সরাইল উপজেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ) এ জেড এম আনোয়ার জামান প্রথম আলোকে বলেন, ‘আশুগঞ্জ উপকেন্দ্রে সমস্যা দেখা দিয়েছে। এ ছাড়া যে লাইনে বিদ্যুৎ সরবরাহ করা হয়, তা অনেক পুরোনো। যার কারণে অনেক সময় পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।’ তিনি বলেন, ৩৩ কিলোভোল্ট লাইনে একাধিক সমস্যা থাকার কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না। কিছুদিনের মধ্যে আশা করা যায় সব স্বাভাবিক হয়ে যাবে।