সরাইলে সহিংসতার দুই মামলায় গ্রেপ্তার ১০২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত ২৭ ও ২৮ মার্চের সহিংসতার ঘটনা হওয়া দুই মামলায় এখন পর্যন্ত ১০২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ এসব মামলায় বৃহস্পতিবার তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ ও ২৮ মার্চের হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনায় সরাইলে দুটি মামলা হয়। এর মধ্যে একটি মামলা গত ২৭ মার্চ উপজেলার অরুয়াইল পুলিশ ক্যাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা হয়। অপর মামলাটি সরাইল বিশ্বরোড মোড় খাটিহাতা হাইওয়ে থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা হয়েছে।

খাটিহাতা হাইওয়ে থানার ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার হয়েছেন উপজেলা সদরের বড্ডাপাড়া গ্রামের আক্তার হোসেন (৩৮) ও কালীকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের ইব্রাহিম মিয়া (৩০)। তাঁদের বৃহস্পতিবার দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া অরুয়াইল পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার বিকেলে অরুয়াইল বাজারের ব্যবসায়ী মাজহারুল ইসলামকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে থানাহাজতে রাখা হয়েছে। শুক্রবার তাঁকে কারাগারে পাঠানো হবে।

পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ বেলা দুইটার দিকে অরুয়াইল বাজারে হেফাজতের কয়েক হাজার নেতা–কর্মী ও সমর্থক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধিতা করে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বিকেল সাড়ে তিনটার দিকে অরুয়াইল পুলিশ ক্যাম্পে হামলা চালান হেফাজতের সমর্থকেরা। এতে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেনসহ অন্তত ২০ জন পুলিশ সদস্য আহত হন। গত ২৭ মার্চের হামলার ঘটনায় ২৮ মার্চ অরুয়াইল পুলিশ ক্যাম্পটি প্রত্যাহার করা হয়েছে।

অরুয়াইল পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় সরাইল থানার উপপরিদর্শক (এসআই) সজল চন্দ্র মজুমদার বাদী হয়ে গত ৩১ মার্চ অরুয়াইল ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি আবু তালেবের ছেলে ইসমাইল হোসেনসহ ৬৫ জনের নাম উল্লেখ করে সরাইল থানায় একটি মামলা করেন। মামলায় ১০০০ থেকে ১২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা সরাইল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, এ মামলায় এখন পর্যন্ত তিনজন এজহারভুক্তসহ ২১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় লোকজন জানান, এ মামলায় গ্রেপ্তার ২১ জনের মধ্যে ১৭ জনই অরুয়াইল বাজারের ব্যবসায়ী। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন অটোরিকশাচালক, একজন আওয়ামী লীগ কর্মী, একজন কৃষক ও একজন মাদ্রাসাশিক্ষক রয়েছেন।

২৮ মার্চ হেফাজতের হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় খাটিহাতা হাইওয়ে থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ৩১ মার্চ খাটিহাতা হাইওয়ে থানার সার্জেন্ট মাইদুল ইসলাম বাদী হয়ে সরাইল থানায় মামলা করেন। এ মামলায় আটজনের নাম উল্লেখ রয়েছে।

এ ছাড়া ৩১ মার্চের মামলায় তিন থেকে চার হাজার মানুষকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন। এ মামলায় পুলিশ বৃহস্পতিবার পর্যন্ত ৮১ জনকে গ্রেপ্তার করেছে। এঁদের মধ্যে একজন এজহারভুক্ত আসামি। বাকি ৮০ জন সন্দেহভাজন।

ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আশা করি, স্বল্প সময়ের মধ্যে আমরা মামলা দুটির কাজ শেষ করতে পারব।
আনিছুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল)

ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আশা করি, স্বল্প সময়ের মধ্যে আমরা মামলা দুটির কাজ শেষ করতে পারব।’