সরাইলে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ইউনিয়ন বিএনপির ১৬ জনের পদত্যাগ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নোয়াগাঁও ইউনিয়নে ত্যাগী নেতা–কর্মীদের বাদ দিয়ে স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ৩১ জনের এই কমিটি থেকে ১৬ জন সদস্য পদত্যাগ করেছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠন করেন আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করা নেতা ও সাবেক সদস্যসচিব মো. আশেক মিয়া। তিনি বলেন, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি সরাইল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে ১৬ নম্বর সদস্য আতাহার হোসেন মৃধাকে নোয়াগাঁও ইউনিয়নের একমাত্র প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এতে নোয়াগাঁও বিএনপিকে ধ্বংস করার রোডম্যাপ তৈরি করা হয়।
২০০৮, ২০১৪ ও ২০১৮ সংসদ নির্বাচনে আতাহার হোসেন মৃধা তাঁর চাচা জাতীয় পার্টির সাবেক সাংসদ জিয়াউল হক মৃধার পক্ষে সভা, মিছিল ও বক্তৃতা দিয়েছেন। তখন আতাহার হোসেন মৃধার নীলনকশায় নোয়াগাঁও বিএনপির নেতা–কর্মীরা শান্তিতে দম নিতে পারতেন না। চলতি বছরের ২২ আগস্ট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি হারুন অর রশিদকে আহ্বায়ক ও আতাহারকে সদস্যসচিব করে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির ৩১ সদস্যের মনগড়া কমিটির অনুমোদন দেন। তাঁরা নোয়াগাঁওকে খালের তলানিতে ডুবিয়েছেন।
আশেক মিয়া অভিযোগ করেন, নবগঠিত কমিটির ১ নম্বর সদস্য অধ্যাপক আবু জাফর আদৌ কোনো অধ্যাপক কি না, তা বোধগম্য নয়। ২৪ নম্বর সদস্য আবু ছায়েদ জাতীয় পার্টির একজন সক্রিয় কর্মী। ১১ নম্বর সদস্য আশেক আলী, ২২ নম্বর সদস্য শেখ জহির, ২৩ নম্বর সদস্য নজরুল ইসলাম—তাঁরা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব নুরুজ্জামান লস্কর ও ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আতাহার হোসেন মৃধার ভাগনে ও বেয়াই। নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির প্রকৃত নেতা–কর্মীরা তাঁদের চেনেন না।
দলের ত্যাগী, পরীক্ষিত ও হামলা–মামলা নির্যাতনের শিকার নেতা–কর্মীদের বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে দাবি করে আশেক মিয়া বলেন, উপজেলার আহ্বায়ক কমিটির অর্থলোভী দুই নেতা পকেট ভারী করে ‘পকেট কমিটি’ গঠন করেছেন। তাঁরা নোয়াগাঁও বিএনপিকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছেন। জাতীয়তাবাদী দলের পরিবর্তে ‘মনের মানুষ দল’ নামে নোয়াগাঁও বিএনপিকে সাজানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। ‘অশুভ ও ধান্দাবাজ’ লোকজনের হাত থেকে বিএনপিকে রক্ষার জন্য দলের নীতিনির্ধারকসহ তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করে সরাইল উপজেলা বিএনপির আহ্বায়ক আনিসুল ইসলাম ঠাকুর প্রথম আলোকে বলেন, ‘যাদের আহ্বায়ক ও সদস্যসচিব হিসেবে দেওয়া হয়েছে, তারা দীর্ঘদিন ধরেই দলের পরীক্ষিত নেতা–কর্মী। আতাউর হোসেন মৃধা সম্পর্কে তোলা অভিযোগ ও টাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আর কেউ আমার আত্মীয় না। একসঙ্গে চলাফেরার বিষয়ে যদি ধরা হয় তাহলে যারা পদত্যাগ করেছে, তারাও আমার আত্মীয়।’
নতুন কমিটি থেকে পদত্যাগ করা অন্য নেতারা হলেন শামীম কবির, সাবেক আহ্বায়ক আবু মোছা ওসমানী, আবু তাহের, ইয়াকুব খান, হেলাল মিয়া, সাহেদ আলী, স্বপন মিয়া, আবু সোলায়মান খান, শওকত আলী, মোতাহার উল্লাহ, আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান মাস্টার, কাদির মিয়া, অলি আহমেদ ও আল আমিন বাদশা।