সরাইলে ৩০ কিলোমিটার যানজট, যাত্রীদের দুর্ভোগ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে তিতাস সেতুর উভয় পাশে ৩০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট জাতীয় মহাসড়কে সৃষ্ট এ যানজটের প্রভাব আঞ্চলিক মহাসড়কেও ছড়িয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো যাত্রী। আজ শনিবার সকাল ১০টার দিকে এ পরিস্থিতি দেখা গেছে।
সেতুর ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করার কাজকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে ওই দুই মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। এতে যানজট সৃষ্টি হয়। দিবাগত রাত দেড়টার দিকে যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হলেও যানজট কমেনি।
আজ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সেতু দিয়ে ধীর গতিতে যানবাহন চলছে। তবে সেতুর উভয় পাশে প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট। যার প্রভাব পড়েছে আঞ্চলিক মহাসড়কেও।
সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম বলেন, ‘যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত আছে। আশা করি, দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে।’
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল রঞ্জন ভট্টাচার্য গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘তিতাস সেতুর মাঝখানের ২০ মিটার অংশ ঝুঁকিতে থাকায় সেতুর ওপর দুই লেনে একটি বেইলি সেতু স্থাপন করা হচ্ছে। এ কারণে পূর্বঘোষণা অনুযায়ী সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।’