সরিষাবাড়ী থেকে অপহরণ, গোপালগঞ্জ ও টাঙ্গাইল থেকে উদ্ধার
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা থেকে অপহৃত দুই কিশোরীকে আজ রোববার গোপালগঞ্জের কাশিয়ানী ও টাঙ্গাইলের ধনবাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পৌর এলাকার এক বিদ্যালয়ের এক শিক্ষার্থী (১৬) গত বুধবার রামনগর বাজারে প্রাইভেট পড়তে যায়। এ সময় ভাটারা ইউনিয়নের ধোপাদহ গ্রামের ইয়ারভিন (২১) তাঁর বন্ধুদের সহযোগিতায় ওই শিক্ষার্থীকে অপহরণ করেন। এ ঘটনায় বুধবার রাতেই ইয়ারভিনকে প্রধান আসামি করে থানায় চারজনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন ওই শিক্ষার্থীর বাবা।
আজ ভোরে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই শিক্ষার্থীকে গোপালগঞ্জের কাশিয়ানী বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করে। এ সময় ইয়ারভিনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গতকাল শনিবার পৌরসভার এক মাদ্রাসার ছাত্রী (১৫) বাড়ি থেকে পাশের দোকানে কিছু জিনিস কিনতে যায়। এ সময় ফুলদহ গ্রামের মাহফুজুর রহমান (২৩) তাঁর বন্ধুদের সহযোগিতায় ওই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যান। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা গতকাল রাতে মাহফুজুরকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই ছাত্রীকে আজ ভোরে ধনবাড়ী থানার বাদুড়িয়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাহফুজুরকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মাজিদ বলেন, অপহৃত ওই দুই শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।