সরিষাবাড়ীতে কালবৈশাখীতে তিন শতাধিক ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত
জামালপুরের সরিষাবাড়ীতে কালবৈশাখীতে ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে বয়ে যাওয়া ঝড়ে উপজেলার কাঁচা–পাকা তিন শতাধিক ঘরবাড়ি ও পাঁচ শতাধিক গাছপালা বিধ্বস্ত হয়েছে। ঈদের আগে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে মানুষ এখন মানবেতর জীবন যাপন করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কালবৈশাখীতে উপজেলার সবগুলো ইউনিয়ন কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পিংলা ইউনিয়ন। এই ইউনিয়নের বাশুরিয়া, রাধানগর, নরপাড়া, ডাকাতিয়ামেন্দা,মিরকুটিয়া, নলসন্দায় দেড় শতাধিক কাঁচা–পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পিংলা ইউনিয়নের কুমারপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি বলেন, ‘বাতাসে আমগো ঘর উড়াইয়া নিল। এখন আমরা যামু কই। কেউ খোঁজ নিতে আসেনি।’
পিংনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘আমার ইউনিয়নে দেড় শতাধিক কাঁচা-পাকা ঘর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের চাল উড়ে যাওয়ায় এই পরিবারের লোকজন খোলা আকাশের নিচে মানবতার জীবন যাপন করছেন।
এদিকে গতকাল রাতের ঝড়ে উপজেলার ডোয়াইল উচ্চবিদ্যালয়ের টিনের চালা উড়ে গেছে। ঝড়ে গাছপালা ভেঙে সড়কের ওপরে পড়ায় মানুষের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো কোনো ত্রাণ বা সাহায্য সামগ্রী পায়নি বলে জানা গেছে। তাই ক্ষতিগ্রস্তদের অনেকে নিজ উদ্যোগে ঘরবাড়ি মেরামত করছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হুমায়ুন কোভিদ বলেন, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সংখ্যা যথাযথভাবে জরিপ করা হবে। এরপর ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।
ইউএনও উপমা ফারিসা বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করা হচ্ছে। শিগগিরই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে সরকারি সহায়তা দেওয়া হবে। উপজেলায় প্রায় কয়েক শ ঘরবাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।