সরিষাবাড়ীতে আওয়ামী লীগ নেতার হুমকির ফোনালাপ ফেসবুকে ভাইরাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান
ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ও ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল রানার একটি ফোনালাপ ফাঁস হয়েছে। ফোনালাপে সোহেল রানাকে হত্যার হুমকি ও গালিগালাজ করেন মিজানুর রহমান। তাঁদের কথোপকথনের অডিওটি আজ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

মিজানুর রহমান সরিষাবাড়ী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ। আর সোহেল রানা পৌর আওয়ামী লীগের সদস্য ও সাবরেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখক। ২ মিনিট ৫২ সেকেন্ডের ওই ফোনালাপ ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক আলোচনা হচ্ছে। মিজানুর রহমান ও সোহেল রানা ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কীভাবে সেটি ফাঁস হয়েছে, তা তাঁরা জানেন না। ফোনালাপটি ছয় মাসের পুরোনো বলেও দাবি তাঁদের।

কথোপকথনে মিজানুর রহমান সোহেল রানাকে বলেন, ‘তুই (সোহেল) সাবরেজিস্ট্রার কার্যালয়ে ঢুকবি না। ঢুকলে নিজ দায়িত্বে ঢুকবি, আমি (মিজানুর) বলে দিলাম। তোর (সোহেল) কোনো বাপ ফেরাতে পারবে না, আমি পৌর আওয়ামী লীগের প্রেসিডেন্ট ১২টার দিকে আসব। তোর (সোহেল) চাপার দাঁত যে কইটা আছে, আমি দাঁড়ায় থেকে খুলব। তুই (সোহেল) লিখছিলি না,...বাচ্চা আমরা (মিজানুর) টাকা খেয়ে করছি। তোরে (সোহেল) আমি মাইরে ফেলমু, তোর কোন বাপ আছে বলিস, মিজান প্রফেসর ফোন দিছিল। তোর মুরাদ বাপ আছে নাকি কোন বাপ আছে,...বাচ্চা তুই ফেরাস। আমি আজ ১২টার সময় রেজিস্ট্রি অফিসে যাব, তোরে আমি সময় দিয়ে দিলাম, তুই থাকিস। তোর কোন বাপ আছে ফেরাস। শোন, তোর হাড্ডি-মাংস এক করে ফেলব। তোর মুকুল বাপ ও মুরাদ বাপের ওপর ভর করিস। তোর বিরুদ্ধে আজকেই মামলা দিমু, পুলিশ দিয়ে ধরাব। আজকেই আসতেছি,...বাচ্চা থাকিস। তুই তো আমারে চিনিস না।’

সাবেক কাউন্সিলর সোহেল রানা
ছবি: সংগৃহীত

এ বিষয়ে মিজানুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সাবরেজিস্ট্রি কার্যালয়ে জামালপুর থেকে একটি কমিটি দেওয়া হয়েছিল। সেই কমিটিকে সোহেল রানা ও তাঁর লোকজন প্রতিষ্ঠিত করতে দেননি। তাঁদের (নতুন কমিটির সদস্য) ঢুকতেও দেননি। তাঁরাই (সোহেল) নিজেদের মতো করে চাঁদাবাজি করে এত দিন চলেছে। সেই চাঁদাবাজি বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছিল। ফোনালাপটি ছয় মাস আগের। বিষয়টি সোহেলের সঙ্গে সমাধান হয়েছে। কাল শনিবার পৌর আওয়ামী লীগের সম্মেলন। তিনি সভাপতি পদে প্রার্থী। প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে এটি এত দিন পরে ফাঁস করেছে। কিছু কথাবার্তা সম্পাদনা করা হয়েছে। এ বিষয়ে তিনি আইনগত পদক্ষেপ নেবেন।

সোহেল রানা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি ছয় মাসের আগের। তিনি আমার নেতা, এ ব্যাপারে তখন আমি কিছুই মনে করি নাই। তাই আমার কোনো অভিযোগ নেই। হঠাৎ করে কে বা কারা এটা ছেড়েছে, বিষয়টি আমি বুঝছি না।’