সরিষাবাড়ীতে আ.লীগের বিদ্রোহী প্রার্থীকে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামস উদ্দিন
ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীর পোগলদিঘা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সামস উদ্দিনের বাড়ি ঘেরাও করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে ওই প্রার্থী সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সামস উদ্দিনের অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে পোগলদিঘা ইউপির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফুল আলমের ৫০ থেকে ৬০ জন সমর্থক সামস উদ্দিনের বাড়ি ঘেরাও করে রাখেন। পরে আশরাফুলের সমর্থকেরা সামস উদ্দিনকে হুমকি দেন, তিনি নির্বাচন থেকে সরে না গেলে তাঁকে হত্যা করা হবে। বাড়ি ঘেরাওয়ের খবর পেয়ে সামস উদ্দিনের সমর্থকেরা পরে ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করেন।

সামস উদ্দিন অভিযোগ করে বলেন, ‘নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ আশরাফুল আলমের সমর্থকেরা আমার বাড়ি ঘেরাও করে আমাকে হত্যার হুমকি দিয়েছে। আমার প্রচারণা করতে দিচ্ছে না। আমার বিজয় নিশ্চিত জেনেই নৌকার প্রার্থী হতাশ হয়ে তাঁর সমর্থকদের আমার পিছে লাগিয়ে দিয়েছে। আমি নিরাপত্তাহীনতায় রয়েছি।’

প্রতীক বরাদ্দের পর থেকেই আশরাফুলের সমর্থকেরা সামস উদ্দিনের সমর্থকদের নির্বাচনী প্রচারণায় বাধা দিয়ে আসছেন বলেও সামস উদ্দিনের অভিযোগ আছে।

অভিযোগের বিষয়ে জানতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফুল আলমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক বলেন, চেয়ারম্যান প্রার্থী সামস উদ্দিন থানায় জিডি করেছেন। অভিযোগটি তদন্ত করে দেখা হবে।