সরিষাবাড়ীতে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩৪ জনের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙচুর ও মারপিটের অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার গুলিবিদ্ধ এক ছাত্রলীগ নেতাসহ ৩৪ জনের নামে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজমত আলী বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও অর্ধশত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের যমুনা সার কারখানা এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও স্থানীয় সাংসদ মুরাদ হাসানের সমর্থকদের মধ্যে রাত ১০টা পর্যন্ত কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ইট পাটকেল ও লাঠিসোঁটার আঘাতে তিন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুনসহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন।

মামলার আসামিদের মধ্যে আছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, গুলিবিদ্ধ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন।

মামলার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘আমাকে প্রধান আসামি করে ৩৪ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা করা হয়েছে। মামলা প্রত্যাহার করা না হলে যমুনা সার কারখানা এলাকায় হরতালসহ আন্দোলনের ডাক দেওয়া হবে।’

৩৪ জনের নামে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম। মামলার তদন্ত কর্মকর্তা তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) খন্দকার খালিদ মাসুদ বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।