সরিষাবাড়ীতে নির্বাচনী সহিংসতায় নিহত ১, আটক ১০
জামালপুরের সরিষাবাড়ীর নলসন্ধ্যা গ্রামে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পিংনা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তাঁর নাম ভোলা শেখ (৫৮)। এ সময় আটজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ১০ জনকে আটক করেছে।
ভোলা শেখের বাড়ি কাজীপুর উপজেলার কাজলগাঁওয়ে।
পুলিশ, নিহত ব্যক্তির পরিবার ও দুই সদস্য পদপ্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পিংনা ইউপি নির্বাচন ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পিংনা ইউপি নির্বাচনে ৩নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সুজাত আলী মোরগ প্রতীক ও নুরুল ইসলাম ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজ সকাল সাড়ে ১০টার দিকে নলসন্ধ্যা গ্রামে নরুল ইসলামের সমর্থক রুবেল মিয়া ফুটবল প্রতীকে ভোটের জন্য প্রচারণা চালান। এ সময় মোরগ প্রতীকের সমর্থকেরা নুরুল ইসলামের সমর্থক রুবেল মিয়াকে (২৬) আটকে রাখেন। খবর পেয়ে সদস্য পদপ্রার্থী নুরুল ইসলামের বড় ভাই ভোলা শেখ (৫৮) ও তাঁদের লোকজন দুপুর ১২টার দিকে রুবেলকে উদ্ধার করতে আসেন। রুবেলকে উদ্ধার করতে এলে নলসন্ধ্যা গ্রামের ফজল মেম্বারের বাড়ির পাশে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় ভোলা শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলায় নুরুল ইসলামসহ আটজন গুরুতর আহত হন। গুরুতর আহত ভোলা শেখকে নৌকায় করে যমুনা নদী পার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। বেলা আড়াইটার দিকে পুলিশ পিংনা ঘাট থেকে নিহত ভোলার লাশ উদ্ধার করে। গুরুতর আহত ব্যক্তিদের সরিষাবাড়ী ও কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত শুক্কুর আলী (৩২) ও টুটুল মিয়ার (৩৪) অবস্থার অবনতি হলে তাঁদের উন্নত চিকিৎসার জন্য সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় পুলিশ আজ বিকেল পর্যন্ত নলসন্ধ্যা গ্রাম থেকে ১০ জনকে আটক করেছে। জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ আজ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত ভোলা শেখের স্ত্রী লাইলী বেগম বলেন, ‘আমি স্বামী হত্যার বিচার চাই। আমার স্বামীকে সুজাত আলীর লোকজন কুপিয়ে হত্যা করেছেন।’
পিংনা ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদপ্রার্থী সুজাত আলী বলেন, ভোট চাওয়াকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে তাঁর লোকজন কাউকে মারধর করেননি। ঘটনার পর থেকে নুরুল ইসলামের লোকজন তাঁর সমর্থকদের মারধর করছেন বলে তাঁর অভিযোগ।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল ইসলাম বলেন, ‘আমার সমর্থক রুবেল প্রচারণায় গেলে সুজাত আলীর সমর্থকেরা তাঁকে আটকে রাখেন। পরে খবর পেয়ে রুবেলকে উদ্ধার করতে গেলে আমার বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছেন সুজাত আলীর লোকজন।’
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।