সরিষাবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা চাল উদ্ধার
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার নরপাড়া গ্রাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত উপজেলার পিংনা ইউনিয়নের ওই গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় চালগুলো উদ্ধার করেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ উপজেলার আটটি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়। আজ বিকেলে উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা চাল সড়কের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাতকে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যক্ত অবস্থায় ৪০ বস্তা চাল উদ্ধার করেন।
পিংনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নরপাড়া গ্রাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। তবে ওই চালের মালিক কে, তা তিনি জানেন না।
সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত প্রথম আলোকে বলেন, পরিত্যক্ত অবস্থায় ৪০ বস্তা চাল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, চালগুলো ডিলাররা কালোবাজারে বিক্রি করতে চেয়েছিল। কিন্তু উপজেলা প্রশাসন ঘটনাস্থলে আসায় হয়তো তারা সটকে পড়েছে।