সরিষাবাড়ীতে বন্যায় তলিয়েছে ৩ হাজার হেক্টর ফসলি জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যার পানিতে তলিয়ে গেছে রোপা আমনের খেত। শনিবার জামালপুরের সরিষাবাড়ীর তাড়িয়াপাড়া এলাকায়
ছবি: প্রথম আলো

উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা, ঝিনাই ও সুবর্ণখালি নদ-নদীর পানি বাড়ছে। উপজেলার ৭৫টি গ্রামের মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে তিন হাজার হেক্টর জমির ফসল। ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকেছে।

বেশির ভাগ দুর্গত মানুষ নৌকা ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। বন্যার্তদের জন্য ত্রাণের ঘাটতি দেখা দিয়েছে। যেকোনো নৌকা দেখলেই ত্রাণের জন্য হন্যে হয়ে ছুটছে মানুষ। গোখাদ্যের সংকটও চলছে।

উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার পিংনা, আওনা, পোগলদিঘা, ডোয়াইল, সাতপোয়া, মহাদান, কামরাবাদ, ভাটারা—এই ৮ ইউনিয়ন ও পৌরসভার ৮০ হাজার মানুষ পানিবন্দী। গত ১১ দিনে এসব এলাকার ২ হাজার ৮৫০ হেক্টর রোপা আমন, ৭৫ হেক্টর বীজতলা ও ৭৫ হেক্টর শাকসবজির খেত তলিয়ে গেছে।

আওনা ইউনিয়নের আওনার চর গ্রামের কৃষক মো. ইসরাফিল বলেন, ‘বানের পানিতে আমার ১৫ বিঘা রোপা আমন ও বীজতলা ডুইবে গেছে।’

সাতপোয়া ইউনিয়নের চর জামিরা গ্রামের কৃষক সোহেল রানা বলেন, ‘পানি হু হু করে বাড়তাছে। সব ধান তলাইয়ে গেছে।’

পৌর এলাকার শিমলাপল্লি গ্রামের কৃষক আলম মিয়া বলেন, ‘বানের পানিতে আমার সব শেষ হয়ে গেছে। ২০ বিঘা ধানখেত পানির নিচে আছে।’

কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের আয়রন বেগম বলেন, ‘সাত দিন ধইরে ঘরে পানি। আমার ছেলেমেয়ে কেউ নাই। কই যামু। পানির মধ্যে ভিক্ষার জন্য যাওন যায় না। কেউ আমাগো কিছু দেয় নাই।’

সাতপোয়া ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান আবু তাহের বলেন, ‘আমার ইউনিয়নের ১২টি গ্রামের ৩০ হাজার মানুষের বাড়িঘরে পানি উঠেছে। গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। সরকারিভাবে ত্রাণ দেওয়া হয়নি।’

উপসহকারী কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, সাতপোয়া ইউনিয়নে সব থেকে ফসলের ক্ষতি হয়েছে বেশি।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, বানের পানিতে ৩ হাজার হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে।

জামালপুরের বাহদুরাবাদ পয়েন্টের পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপকারী আবদুল মান্নান (গেজ রিডার) প্রথম আলোকে বলেন, যমুনা নদীর পানি ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হুমায়ূন কবীর বলেন, মাত্র তিন মেট্রিক টন বরাদ্দ পাওয়া যায়। প্রয়োজনের তুলনায় ত্রাণ অপ্রতুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা বলেন, বন্যার্তদের শুকনা খাবারসহ সব ধরনের সহযোগিতা করা হবে।