সরিষাবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেন সরিষাবাড়ী প্রেসক্লাবের নেতারা। আজ শনিবার উপজেলা প্রেসক্লাবের সামনে
ছবি: প্রথম আলো

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের চার সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা প্রেসক্লাবের সামনের সড়কে সাংবাদিকেরা এ মানববন্ধন করেন।

উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সূত্রে জানা গেছে, সাংবাদিকেরা বেলা একটা থেকে দুইটা পর্যন্ত এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংবাদিক কামরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, গত বৃহস্পতিবার যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড এলাকায় শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষের ছবি তোলার সময় সন্ত্রাসীরা চার সাংবাদিকের ওপর হামলা করে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

তবে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক আজ বলেন, এ ঘটনায় এখনো অভিযোগ পাননি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।