সরিষাবাড়ীর মেয়রকে পুনর্বহালের আদেশ উচ্চ আদালতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ রুকুনুজ্জামান

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র মোহাম্মদ রুকুনুজ্জামানকে পুনর্বহালের আদেশ দিয়েছেন উচ্চ আদালত। সাময়িক বরখাস্তের আদেশ বাতিল চেয়ে মেয়রের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার আদালত এ আদেশ দেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, মেয়র রুকুনুজ্জামানের বিরুদ্ধে গত ৫ আগস্ট উপজেলার বড়বাড়িয়া গ্রামের ছামিউল ইসলাম বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা করেন। থানা-পুলিশ মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করে। আদালত মেয়রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি পৌরসভা কার্যালয়ে দীর্ঘদিন অনুপস্থিত থাকেন। এতে পৌর কর্মকর্তা-কর্মচারী ও নাগরিকেরা সেবাবঞ্চিত হওয়ায় তাঁকে পৌর মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ১৮ অক্টোবর মেয়র রুকুনুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করার কথা স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত পত্রে জানানো হয়।

এদিকে যে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে কার্যালয়ে অনুপস্থিতি থেকে সাময়িক বরখাস্ত হন মেয়র রুকুনুজ্জামান, সেই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত ২২ অক্টোবর জামিন পান তিনি। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত জামিন বহাল থাকবে।

জামিনের পর তিনি উচ্চ আদালতে মেয়র পদে পুনর্বহালের জন্য আবেদন করেছিলেন তিনি।

রুকুনুজ্জামান বলেন, উচ্চ আদালত তাঁর সাময়িক বরখাস্তের আদেশ বাতিল করে মেয়র পদে পুনর্বহালের দিয়েছেন।