
টানা বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে পড়ছে বগুড়া পৌরসভা। শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে শুরু করে বিভিন্ন সড়কে লোকজনকে হাঁটু থেকে কোমরপানি ভেঙে চলাচল করতে হচ্ছে। এক দশকেরও বেশি সময় ধরে শহরবাসী জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছে।
শহরবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বনানী থেকে মাটিডালি পর্যন্ত প্রধান সড়কের দুপাশে পানি নিষ্কাশনের নর্দমা অত্যন্ত সরু। এই নালা সারা বছর ময়লা-আবর্জনায় ভরে থাকে। তাই বৃষ্টি হলেই পানি উপচে সড়কে উঠে আসে। আর শহরের অন্য সড়কে পানি নিষ্কাশনের পর্যাপ্ত নর্দমা নেই। এ ছাড়া করতোয়া নদীর দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় শহর থেকে পানি বের হতে পারছে না।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে টানা প্রায় দুই ঘণ্টা বৃষ্টি হয়। বগুড়া আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৪০ মিলিমিটার। আর এতেই পৌরসভার ২১টি ওয়ার্ড কম-বেশি জলাবদ্ধতার কবলে পড়ে। শহরের বিভিন্ন এলাকার অন্তত ২০ জনের সঙ্গে কথা বলে জানা যায়, সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকা, কবি নজরুল ইসলাম সড়ক, টেম্পল সড়ক, পার্ক রোড, শেরপুর সড়ক, স্টেশন সড়ক, মেরিনা সড়ক ও চকযাদু সড়ক, বাদুরতলা, প্রেসপট্রি ও সেউজগাড়িতে। এ ছাড়া সামান্য বৃষ্টিতে জলাবদ্ধ হচ্ছে নওয়াববাড়ি সড়ক, বড়গোলা, চাঁদনীবাজার, আলতাফুন্নেছা খেলার মাঠ সড়ক, শহীদ আবদুল জোব্বার সড়ক, নুরানী মোড়-উপশহর সড়ক, চেলোপাড়া-সাবগ্রাম সড়ক, চেলোপাড়া-চন্দনবাইশা সড়ক, জহুরুলনগর, জামিলনগরসহ বিভিন্ন এলাকা। এই দুর্ভোগের চিত্র শহরের বর্ধিত ওয়ার্ডগুলোতেও রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০০৫-০৬ অর্থবছরে শহরের প্রধান সড়ক সম্প্রসারণের সময় দুপাশে সাড়ে আট কিলোমিটার নর্দমা নির্মাণ করা হয়েছিল, কিন্তু খুবই সরু। মাত্র তিন ফুট প্রশস্ত। তা ছাড়া নির্মাণের পর থেকেই এই নর্দমা সংস্কার করা হয়নি। এর মাধ্যমেই শহরের বড় অংশের পানি নিষ্কাশন হয়। অথচ এসব নর্দমায় সারা বছর বর্জ্য ফেলে শহরের হোটেল-রেস্তোরাঁ ও নানা ব্যবসাপ্রতিষ্ঠান। বর্ষাকাল দূরে থাক; শুষ্ক মৌসুমেই নর্দমা উপচে ময়লা দুর্গন্ধযুক্ত পানি উপচে পড়ে প্রধান সড়কে।
কবি নজরুল ইসলাম সড়কের নুরুল ইসলাম নামে একজন ব্যবসায়ী বলেন, এমনিতেই নর্দমার পানি উপচে সড়কে জমে থাকা ময়লা-আবর্জনার দুর্গন্ধে এলাকায় টেকা কঠিন, তার ওপর জলাবদ্ধতা তাঁদের শান্তি কেড়ে নিয়েছে।
এদিকে করতোয়া নদীর দুপাশে অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। শহরের পুরোনো যেসব নালা নদীতে এসে মিশেছে, অধিকাংশ নালা দখলদারেরা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করেছে। এসব নালা কার্যত বন্ধ হয়ে গেছে। দখল ও ভরাট হয়ে গেছে শহরের সুবিল খালসহ বড় বড় জলাশয়। বারশি খাল থেকে শহরের পানি ফটকি ব্রিজ ও ভাদাই খাল হয়ে করতোয়া নদীতে পড়ে। পানি নিষ্কাশনের সেই গতিপথও এখন নানাভাবে বাধাগ্রস্ত। এতে শহরের পানি উপচে বসতঘর, রাস্তাঘাট ও ব্যবসাপ্রতিষ্ঠান সয়লাব হচ্ছে।
শহরের রহমাননগর এলাকার আবুল কাশেম বলেন, পিটিআই সড়কের মতো জনগুরুত্বপূর্ণ সড়কের দুপাশে এখনো পানি নিষ্কাশনের নালা নেই। একটু বৃষ্টিতে সড়কের এক পাশে পানি জমে যায়।
জহুরুলনগরের বাসিন্দা আবদুস সাত্তার বলেন, তাঁদের এলাকা তুলনামূলকভাবে নিচু। এলাকার ধানখেত ভরাট করে গড়ে তোলা হচ্ছে আবাসিক এলাকা। একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা দেখা দেয়। তখন এলাকাবাসীর কষ্টের আর সীমা থাকে না।
বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ৭০ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভায় প্রায় ৭০০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। কিন্তু পানি নিষ্কাশনের জন্য পাকা নর্দমা রয়েছে মাত্র ৪৪০ কিলোমিটার। অনেক গুরুত্বপূর্ণ ও পুরোনো সড়কে পানি নিষ্কাশনের নর্দমা নেই। শহরে আরও অন্তত ৪০০ কিলোমিটার পাকা নর্দমা দরকার। অর্থের সংকটে জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প হাতে নেওয়া সম্ভব হচ্ছে না।
তবে পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান বলেন, পৌরসভার নর্দমার কোনো সমস্যা নেই। শহরের প্রধান সড়কের দুপাশে নর্দমা অনেক পুরোনো আমলের। এগুলো আধুনিকায়ন ও প্রশস্ত করা দরকার। প্রশস্ত করতে গেলে জায়গা ও অর্থ দরকার। এই মুহূর্তে পৌরসভার সেই সামর্থ্য নেই। ভবিষ্যতে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণের মাধ্যমে পরিকল্পিত পানি নিষ্কাশনের ব্যবস্থা গড়ে তোলা হবে বলে মন্তব্য করেন তিনি।