খুলনার ডুমুরিয়া
সর্জন পদ্ধতিতে লবণাক্ত জমিতে মিশ্র ফলের বাগান
এই পদ্ধতিতে গাছের গোড়ায় কখনো পানি জমতে পারে না। আবার পাশের নালা থেকেই সেচ দেওয়া যায়।
কৃষক পরিবারের সন্তান হওয়ায় স্কুলে পড়ার সময় থেকেই বাবার সঙ্গে খেতের কাজে সহায়তা করতেন। লেখাপড়াটাও চালিয়ে গেছেন। তবে লেখাপড়া শেষে চাকরি করবেন, এমন প্রত্যাশা ছিল না। স্বপ্ন দেখতেন কৃষির মাধ্যমেই নিজে ভালো কিছু করার। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে লেখাপড়ার আনুষ্ঠানিক পাট চুকিয়ে মনোনিবেশ করেন কৃষিকাজে। সেখানে মিলেছে সফলতা।
সফল এই তরুণ কৃষকের নাম ইমরান খান (২৭)। বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার গোলানা গ্রামে। লবণাক্ত অঞ্চলে কৃষির অপেক্ষাকৃত নতুন প্রযুক্তি সর্জন পদ্ধতিতে মিশ্র ফলের বাগান করে সফলতার মুখ দেখেছেন তিনি। কৃষি থেকেই বছরে তাঁর আয় আসছে ছয়-সাত লাখ টাকা।
৭ আগস্ট ডুমুরিয়া সদর ইউনিয়নের গোলনা গ্রামে গিয়ে কথা হয় কৃষক ইমরান খানের সঙ্গে। বাগান পরিচর্যার কাজ করছিলেন ইমরান ও তাঁর ছোট ভাই ইমন খান। সবুজ মাল্টা আর থোকা থোকা পেয়ারায় ভরে আছে বাগান। বাগানের মধ্যে সেচ দেওয়ার পানির উৎসে ভেসে বেড়াচ্ছে মাছ।
সর্জন পদ্ধতি নিয়ে ইমরান জানান, লবণাক্ত এলাকায় সর্জন পদ্ধতি চাষাবাদের জন্য খুবই উপযোগী। এই পদ্ধতিকে প্রথমে জমি থেকে মাটি কেটে একটি অংশ উঁচু করে বেড করা হয়। ১০ ফুট চওড়া আর একই পরিমাণ উঁচু বেডের ঠিক পাশেই ১০ ফুট গভীরতার এবং একই রকম প্রস্থের পরিখার মতো থাকে। পরিখার মতো নালা খননের মাটি দিয়েই বেড হয়। তারপর আবার বেড আবার নালা এভাবেই বাগান করা হয়।
এই পদ্ধতিতে চাষাবাদ করলে গাছের গোড়ায় কখনো পানি জমতে পারে না। আবার পাশের নালা থেকেই সেচ দেওয়া যায়। সেচ বেশি হয়ে গেলে পানির অপচয় হয় না। পানি আবার নালাতেই চলে যেতে পারে। নিচে থেকে মাটি কেটে বেড তৈরি করায় মাটি উর্বরও হয়। সবচেয়ে বড় বিষয়, এসব বেডের মাটিতে লবণাক্ততা কম থাকে।
কথা বলে জানা গেল, ইমরানদের আট বিঘা জমি আছে। বছর পাঁচেক আগে ছোট পরিসরে সর্জন পদ্ধতিতে তাঁর বাবা সিরাজুল ইসলাম বরইবাগান করেন। এর পাশে আলাদা একটা পেয়ারাবাগান ছিল। পেয়ারায় বেশি লাভ হওয়ায় ইমরান বরইগাছ কেটে পরিসর বাড়িয়ে সর্জন বেডে পেয়ারাগাছ লাগিয়ে দেন। জাত হিসেবে বেছে নেন থাই-থ্রি, থাই-ফাইভ ও গোল্ডেন এইট। পাশাপাশি কৃষি বিভাগের পরামর্শে তাদের কাছ থেকে চারা নিয়ে সাথি ফসল হিসেবে বারি মাল্টা-১ (সবুজ পয়সা মাল্টা) চাষ করেন। তাঁর চার বিঘার এই মিশ্র ফল বাগানে এখন ৫০০টি পেয়ারাগাছ ও ১০০টি মাল্টাগাছ থেকে নিয়মিত ফল উঠছে। আর বাকি চার বিঘা জমিতে এখনো ধান হচ্ছে। তবে এবার ধানের সেই জমিতেও বাগান করবেন।
ইমরান ডুমুরিয়া কলেজ থেকে এইচএসসি এবং স্নাতক ডিগ্রি নিয়েছেন। ইমরানের ভাই মো. ইমন খান খুলনা শহরের সরকারি আযম খান কমার্স কলেজে ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর পড়াশোনা করছেন। ইমনও সুযোগ পেলেই ভাইয়ের কাজে সহায়তা করেন।
ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছাদ্দেক হোসেন বলেন, ইমরান সর্জন পদ্ধতিতে মিশ্র ফলের বাগানে সাফল্য পেয়েছেন। তাঁর সফলতা দেখে সর্জন পদ্ধতির বিষয়ে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন।