সর্বনিম্ন পাসের হার কুমিল্লায়
এবারের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের ফল গতবারের তুলনায় কিছুটা ভালো হয়েছে। এ বছর বেড়েছে পাসের হার, জিপিএ-৫ ও শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা। তবে দেশের ১০টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের মধ্যে কুমিল্লায় পাসের হার সর্বনিম্ন।
ইংরেজি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রায় ৩৩ হাজার পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ায় এমন বিপর্যয় হয়েছে বলে বোর্ডের কর্মকর্তারা মনে করছেন। গত এক দশকের ফল বিশ্লেষণ করে দেখা গেছে, এ বোর্ডে একবার পাসের হার বাড়ে তো পরের বছর কমে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই ফল ঘোষণা করা হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৬ সালে কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ৯ হাজার ৭৬০ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হন ৬৯ হাজার ৮৯৫ জন। পাসের হার ৬৪ দশমিক ৪৯। এর মধ্যে ছেলেদের পাসের হার ৬৪ এবং মেয়েদের পাসের হার ৬৪ দশমিক ৯৭। বিজ্ঞান বিভাগে ১৭ হাজার ৯৬২ জন পরীক্ষা দিয়ে কৃতকার্য হন ১৪ হাজার ২৫০ জন। পাসের হার ৮০ দশমিক শূন্য ৬। মানবিকে ৪৫ হাজার ২১৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হন ২৪ হাজার ৩৬৯ জন। পাসের হার ৫৪ দশমিক ৭৬। ব্যবসায় শিক্ষা শাখায় ৪৬ হাজার ৫৮৩ জনের মধ্যে উত্তীর্ণ হন ৩১ হাজার ২৭৬ জন। পাসের হার ৬৭ দশমিক ৮৮।
কুমিল্লা শিক্ষা বোর্ডে এ বছর ১ হাজার ৯১২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাঁদের মধ্যে ছেলে ৯৬৮ ও মেয়ে ৯৪৪ জন। আর বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৫০৮ জন, মানবিকে ১০৬ ও ব্যবসায় শিক্ষা শাখায় ২৯৮ জন।
এ বছর সারা দেশের ১০টি বোর্ডে গড় পাসের হার ৭৪ দশমিক ৭০। সর্বোচ্চ পাসের হার যশোর বোর্ডে, ৮৩ দশমিক ৪২। সর্বনিম্ন পাসের হার কুমিল্লা বোর্ডে, ৬৪ দশমিক ৪৯।
কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) হাবিবুর রহমান বলেন, গতবারের চেয়ে এ বছর পাসের হার বেড়েছে ৪ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ-৫ বেড়েছে ৪৬০টি। এ বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা আট। গত বছর পাসের হার ছিল ৫৯ দশমিক ৮০, জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৪৫২টি, শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ছয়।
ইংরেজি ও আইসিটিতে অকৃতকার্য প্রায় ৩৩ হাজার পরীক্ষার্থী: কুমিল্লা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট বিকাশ চন্দ্র মল্লিক বলেন, এবার এ বোর্ডে ইংরেজি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৩২ হাজার ৮৯০ জন। ইংরেজি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ১৭ হাজার ৮৬২ জন। আইসিটি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ১৫ হাজার ২৮ জন। গত বছরও এ বোর্ডে এ দুটি বিষয়ে ২৩ হাজার ৮০৫ জন অকৃতকার্য হন। আইসিটি বিষয়ে শিক্ষকের পদ সৃষ্টি না হওয়ায় এবং ইংরেজি বিষয়ে দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক না থাকায় এমন ফল বিপর্যয় হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং ইংরেজিতে ফল কিছুটা খারাপ হওয়ার কারণে এমন অবস্থা হয়েছে। সার্বিক ফলে আমি সন্তুষ্ট।’