সশরীরে বেগম রোকেয়া ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্লাস মঙ্গলবার শুরু
করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হওয়ায় সশরীর ক্লাসে ফিরছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আগামী মঙ্গলবার থেকে সশরীরে ক্লাস শুরু হবে বলে আজ রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় দুটি।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সব বর্ষের ক্লাস-পরীক্ষা আগামী মঙ্গলবার থেকে সশরীর অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে গত ২১ জানুয়ারি থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনলাইনে চালু থাকলেও সশরীর ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হয়। বর্তমানে করোনা সংক্রমণ পরিস্থিতি নিম্নমুখী হওয়ায় সরকারি নির্দেশনা অনুসারে আবার সশরীর ক্লাস-পরীক্ষা চালু করার সিদ্ধান্ত হয়েছে। তবে সশরীর শিক্ষা কার্যক্রমের পাশাপাশি প্রয়োজনে অনলাইনেও ক্লাস-পরীক্ষা নেওয়া যাবে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে বলা হয়েছে, মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক সময়সূচি আগের মতোই সকাল নয়টা হতে বিকেল পাঁচটা পর্যন্ত বহাল থাকবে। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার খোলা থাকবে সকাল নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহ আযমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহ আলী প্রথম আলোকে বলেন, করোনার প্রাদুর্ভাবের কারণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীর ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। পরে এই পরিস্থিতির সময় বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। করোনার বিস্তার ইতিমধ্যে নিম্নমুখী হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২২ ফেব্রুয়ারি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে সশরীর ক্লাস শুরু করা হবে।