সহকর্মীদের বিরুদ্ধে বিভাগীয় প্রধানকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
ফাইল ছবি

ময়মনসিংহে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তিন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় প্রধান আশরাফ আলী সিদ্দিকীকে কক্ষে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন আশরাফ আলী সিদ্দিকী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান প্রথম আলোকে বলেন, আশরাফ আলী সিদ্দিকী ব্যক্তিগতভাবে এমন একটি অভিযোগ করেছেন। তবে প্রশাসনিকভাবে বিষয়টি নিয়ে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সেমিনারের কারণে উপাচার্য ব্যস্ত থাকায় এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

আশরাফ আলী সিদ্দিকীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল সাড়ে ৯টায় একাডেমিক কমিটির সভা শুরুর আগে বিভাগটির তিন সহকারী অধ্যাপক মো. নকিবুল হাসান খান, মো. রাকিবুল হাসান ও মো. আলিম মিয়া তিন ঘণ্টা ধরে অধ্যাপক আশরাফকে তালাবদ্ধ করে রাখেন। এ ছাড়া তালা লাগানোর আগে তাঁকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখান।

আশরাফ আলী সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি বিশেষজ্ঞ ও উপাচার্যের সঙ্গে পরামর্শ করে আমাদের বিভাগের (এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) নাম পরিবর্তনের প্রাথমিক আলোচনা হয়। নানা জটিলতার কথা ভেবে পরবর্তী সময়ে সেটি বাদ দেওয়া হয়। নাম পরিবর্তনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে কয়েকজন শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে প্রোপাগান্ডা ছড়ানো হয় যে বিভাগ বিলুপ্ত করে দেওয়া হবে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সোমবার বিভাগের শিক্ষকদের একটি সভা ছিল। সভা শুরুর আগে সেখানে শিক্ষার্থীরা বিভাগ বিলুপ্তিসংক্রান্ত ব্যানার নিয়ে মানববন্ধনের প্রস্তুতি নেন। তখন উপাচার্যের সঙ্গে আলোচনা করে সভাটি স্থগিত করা হয়।’

আশরাফ আলী সিদ্দিকী আরও বলেন, সভা স্থগিতের কিছুক্ষণ পর বিভাগের শিক্ষক নকিবুল হাসান খান, রাকিবুল হাসান ও আলিম মিয়া এসে জোর করে তাঁকে তাঁর কক্ষে নিয়ে গিয়ে বাইরে থেকে তালা দিয়ে দেন। তালা দেওয়ার পর কক্ষের বাইরে বিদ্যুতের সার্কিটব্রেকার বন্ধ করে দিয়ে যান। তিনি বলেন, ‘আমি দীর্ঘ তিন ঘণ্টা তালাবদ্ধ অবস্থায় ছিলাম। পরে স্বজনদের বিষয়টি জানালে তাঁরা আমাকে উদ্ধার করেন। আমি হার্টের রোগী। তিন ঘণ্টা অবরুদ্ধ থেকে আমার ডান হাত প্রায় অবশ হয়ে গেছে।’

এ বিষয়ে মন্তব্য জানতে অভিযুক্ত তিন শিক্ষককে ফোন দেওয়া হলে নকিবুল হাসান খান ফোন ধরেননি। রাকিবুল হাসান ও আলিম মিয়া ফোন ধরলেও তাঁরা এ বিষয়ে কোনো কথা বলতে চাননি।