চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়া ও বাজালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার জেরে কিশোরসহ দুজন নিহতের ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। গতকাল সোমবার উপজেলার নলুয়া, বাজালিয়াসহ ১৬ ইউপিতে ভোট গ্রহণ ছিল। আজ মঙ্গলবার দুপুরে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল এ ঘটনায় এখনো মামলা না হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।
পুলিশ জানায়, নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বোর্ড অফিস ভোটকেন্দ্রের পাশে নিহত মো. তাসিব (১৩) ও বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বোর্ড অফিস কেন্দ্রের পাশে নিহত আবদুস শুক্কুরের (৪০) লাশ আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ময়নাতদন্ত শেষে দুপুরেই স্বজনদের কাছে তাঁদের লাশ হস্তান্তর করা হয়েছে।
ওসি আবদুল জলিল প্রথম আলোকে বলেন, তাসিব ও শুক্কুরের লাশ আজ দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা দুটির বিষয়ে মামলা করার জন্য তাঁদের স্বজনদের থানায় আসতে বলা হয়েছে। তাঁরা নিহত ব্যক্তিদের জানাজা-দাফন শেষে মামলা করবেন বলে জানিয়েছেন।
গতকাল সোমবার সাতকানিয়া উপজেলার ১৬ ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের আগেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছোট-বড় অন্তত ২০টি সহিংসতার ঘটনা ঘটে। ভোটের দিন গতকাল বেলা ১১টার দিকে নলুয়া ইউনিয়নের বাড়ির পাশের বোর্ড অফিস কেন্দ্রের পাশে দাঁড়িয়ে ছিল সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. তাসিব। তখন এক চেয়ারম্যান প্রার্থীর লোকজন তাকে প্রতিপক্ষ মনে করে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ দেন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেলা সাড়ে ১১টার দিকে বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বোর্ড অফিস কেন্দ্রের দখল নিতে নৌকার প্রার্থী তাপস কান্তি দত্ত ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুল্লাহ চৌধুরীর কর্মী-সমর্থকেরা সংঘর্ষে জড়ান। এ সময় গুলিবিদ্ধ হন শুক্কুর। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজনের ভাষ্য, নলুয়ায় নিহত তাসিবকে প্রতিপক্ষ মনে করে আওয়ামী লীগের প্রার্থী লেয়াকত আলীর লোকজন কুপিয়ে হত্যা করেছেন। ওই ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ছিলেন মিজানুর রহমান চৌধুরী। বাজালিয়ায় গুলিতে নিহত শুক্কুর নবনির্বাচিত চেয়ারম্যান তাপস কান্তি দত্তের পক্ষে নির্বাচন করতে বাজালিয়ায় এসেছিলেন। চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় বসবাস করতেন তিনি।