সাঁকোয় ঝুঁকিতে চলাচল

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের সরসপুর এলাকায় চিত্রা নদীর মরা খালের ওপর সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। কিন্তু সেতু আর নির্মাণ হয় না। এ কারণে ওই খালের ওপর বাঁশের সাঁকো তৈরি করে স্থানীয় লোকজনসহ শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে।
এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সূত্রে জানা গেছে, শাহাবাদ ইউনিয়নের সরসপুর এলাকায় চিত্রা নদী মরা খালে পরিণত হয়েছে। নদীর উত্তর দিকে চরবিলা, ইলিন্দি, হৈদেরখোলা, ফালিয়া, আতশপাড়া, আড়ংগাছা ও বলরামপুর গ্রাম। এই ৭ গ্রামে আনুমানিক ১৫ হাজার পরিবারের বাস। লোকসংখ্যা প্রায় ২০ হাজার। এই ৭টি গ্রামের লোকজনের হাটবাজার, ছেলেমেয়েদের স্কুল-কলেজে যাতায়াতসহ সব ধরনের কর্মকাণ্ড করতে হয় নদীর (খালের) দক্ষিণ দিকে। এসব এলাকার মানুষ ও শিক্ষার্থীরা বাঁশের সাঁকো দিয়ে অল্প সময়ে খাল পার হয়ে ছয় কিলোমিটার দূরে রূপগঞ্জ হাট, সদর উপজেলাসহ জেলা শহরে যায়, অন্যথায় চার কিলোমিটার পথ ঘুরে মাইজপাড়া সেতুর ওপর দিয়ে বিভিন্ন এলাকায় যেতে হয়।
গতকাল রোববার সকালে সরেজমিনে দেখা গেছে, সাঁকোটিতে প্রায় ১০ ফুট পরপর ১৮টি স্থানে ২টি করে বাঁশের খুঁটি বসানো হয়েছে। চলাচলের সুবিধার জন্য ধরতে ওপরে আড়াআড়ি বাঁশ বাঁধা হয়েছে। সাঁকো দিয়ে বাইসাইকেল কাঁধে করে এক ব্যক্তি পার হন। খালের প্রস্থ প্রায় ১০০ ফুট।
গ্রামবাসী সূত্র জানায়, চাঁদা তুলে বাঁশের সাঁকো তৈরি করা হয়ে থাকে। ৫০ বছর ধরে এলাকার মানুষ ঝুঁকি নিয়ে এভাবেই চলাচল করছে।
সরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মানু মিত্র বলেন, বাঁশের ওপর দিয়ে চলতে গিয়ে অনেকেই পা পিছলে খালে পড়ে যায়। বেশির ভাগ সময় স্কুলের শিশুরা পড়ে থাকে।
শিশু শিক্ষার্থী শিউলি, সলেমান, টিপুসহ কয়েকজন জানায়, স্কুলে যাওয়ার একমাত্র পথ ওই সাঁকো। সাঁকো পার হওয়ার সময় নড়ে ওঠে। তখন ভয় করে। অনেকে পার হতে গিয়ে পানিতে পড়ে যায়। কলেজছাত্রী রোকসানা খাতুন বলে, ‘কাঁধে বইয়ের ব্যাগ, এক হাতে স্যান্ডেল, অন্য হাত দিয়ে বাঁশ ধরে পা টিপে টিপে একটা বাঁশের ওপর দিয়ে প্রতিদিন কলেজে যাওয়া-আসা করি।’
সরসপুর গ্রামের শিক্ষক রাজিবুল ইসলাম বলেন, ‘আগে অনেকবার ইউপি চেয়ারম্যানের কাছে দাবি জানিয়েছি খালের ওপর সেতু তৈরি করার জন্য। কিন্তু শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়। এবার নতুন চেয়ারম্যানকেও একই দাবি জানানো হয়েছে।’
চরবিলা গ্রামের ব্যবসায়ী শমনের আলী বলেন, ‘সাঁকোর ওপর দিয়ে মালামাল নিয়ে যাওয়া যায় না। নছিমন ভাড়া করে অনেক দূরের পথ যাওয়া লাগে।’
শাহাবাদ ইউপির চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘নতুন চেয়ারম্যান হয়েছি। সাত গ্রামের মানুষের দুর্ভোগের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’