সাঁতরে নদ পাড়ি দিতে গিয়ে তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সাঁতরে গড়াই নদ পাড়ি দিতে গিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে কয়া ইকোপার্ক–সংলগ্ন গড়াই নদে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া তরুণের নাম জনি শেখ (১৮)। তিনি উপজেলার কয়া ইউনিয়নের কয়া মধ্যপাড়া গ্রামের সলিমুদ্দিন শেখের ছেলে।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে তিন বন্ধু মিলে সাঁতরে গড়াই নদ পার হওয়ার চেষ্টা করেন। মাঝনদে পৌঁছার পর জনি দম হারিয়ে পানিতে ডুবে যান। আর তাঁর দুই বন্ধু জনিকে খোঁজাখুঁজি করেও পাননি। পরে খবর পেয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বেলা তিনটার দিকে জনির লাশ উদ্ধার করেন।

কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, জনির লাশ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, গড়াই নদে ডুবে এক পোশাকশ্রমিক তরুণের মৃত্যু হয়েছে। এ বিষয়ে নৌ পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।